দিনভর প্রচারণায় আ.লীগ ও বিএনপির প্রার্থীরা
রাজধানীর আগারগাঁওয়ের তালতলা সরকারি কলোনির ভেতরে গতকাল শনিবার বেলা ১২টার দিকে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ফোরকান হোসেন। আর কলোনির বাইরে প্রচারে ব্যস্ত বিএনপি-সমর্থিত প্রার্থী আফতাব উদ্দিন। দুজনের সঙ্গেই ৪০-৫০ জন করে কর্মী-সমর্থক।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের এ দুই কাউন্সিলর প্রার্থী কারও সঙ্গে হাত মিলিয়ে, কারও সঙ্গে কোলাকুলি করে দোয়া ও ভোট চাইছিলেন। সঙ্গের কর্মীরা মাইকে নিজ নিজ প্রার্থীর প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিচ্ছেন, বিলি করছেন প্রচারপত্র।
প্রার্থীদের গণসংযোগ নিয়ে এলাকার লোকজনের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীর সঙ্গে তাঁরা কথা বলছিলেন। কেউ কেউ
এলাকার বিভিন্ন সমস্যা, নিজেদের দাবিও প্রার্থীদের কাছে তুলে ধরছিলেন।
১০ এপ্রিল বিএনপি-সমর্থিত প্রার্থী হয়েছে ভুল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তারের নাম ঘোষণা করা হয়েছিল। অবশ্য গত বৃহস্পতিবার সংশোধিত তালিকায় বিএনপি ঢাকা মহানগর যুবদল উত্তরের সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিনকে সমর্থন দিয়েছে দলটি।
দলীয় সমর্থন পাওয়ার আগেও আফতাব উদ্দিন প্রচার চালাচ্ছিলেন। তাঁর প্রতীক কাঁটাচামচ। গত শুক্রবার থেকে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেন। গতকাল আগারগাঁও তালতলা বাজার এলাকায় গণসংযোগের সময় আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এলাকায় আমাদের অনেক সমর্থক আছেন। সবার কাছে পৌঁছাতে পারলে ইনশাআল্লাহ আমরাই জিতব। এখন পর্যন্ত গণসংযোগ করতে কোনো বাধার মুখে পড়তে হয়নি। তবে নির্বাচন এগিয়ে এলে বাধার আশঙ্কা করছি।’
গতকাল ঘুরে দেখা যায়, আগারগাঁও-তালতলা এলাকার রাস্তাঘাটে অসংখ্য পোস্টার সাঁটানো হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফোরকান হোসেনের পোস্টারই বেশি। তাঁর প্রতীক ঘুড়ি। ফোরকান হোসেন বলেন, ‘এই এলাকার ছেলে হিসেবে সবার কাছে দোয়া চাইছি। নির্বাচিত হতে পারলে এলাকার নাগরিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।’ তবে দল ও সহযোগী সংগঠনের তিন বিদ্রোহী প্রার্থীকেও তাকে মোকাবিলা করতে হবে বলে স্থানীয়রা জানান।
অবশ্য এই ওয়ার্ড থেকে ওয়ার্ডে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক খোন্দকার রোমানা হাসান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক, যুবলীগ নেতা সান্টু রহমানসহ আরও ১০ জন সরাসরি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকা ঘুরে তাঁদের মধ্যে কয়েক জনের কিছু পোস্টার দেখা গেলেও, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের তুলনায় তা বেশ কম।
১ দশমিক ৫২৮ বর্গকিলোমিটারের এই ওয়ার্ডের মোট ভোটার ৩৫ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার
৩২৪ জন আর নারী ভোটার ১৭ হাজার ৩৭০ জন। আগারগাঁও, তালতলা, শ্যামলী এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা।
আগারগাঁওয়ে অবস্থিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইমাম প্রশিক্ষণ একাডেমি, কোস্টগার্ড সদর দপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো সরকারি প্রতিষ্ঠানের সামনের সড়ক অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়।
আগারগাঁওয়ে অবস্থিত প্রবীণ হাসপাতাল ও জরা গবেষণা কেন্দ্রের সামনের সড়কটি প্রায় দুই বছর ধরে স্থায়ী জলাবদ্ধ। ময়লা-দুর্গন্ধযুক্ত পানির কারণে চরম দুর্ভোগে আছেন হাসপাতালে আগত রোগী ও তাঁদের স্বজন এবং ডাক্তার-কর্মচারীরা।
দেখা যায়, সড়কটি খানাখন্দে ভরা। বৃষ্টির পানির সঙ্গে ময়লা-আর্বজনা মিলে দুর্বিষহ এক অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রাখায় পথচারীদের ময়লাপানি মাড়িয়ে পথ চলতে হচ্ছে।
প্রবীণ হাসপাতালের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে। কয়েক বছর ধরে এমন ভোগান্তি। কয়েকবার ডিসিসি-ওয়াসাকে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। দূরদূরান্ত থেকে আসা রোগীদের এসব পচা-দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই হাসপাতালে আসতে হয়।’
আগারগাঁও-তালতলা এলাকার অন্তত ৩০ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা গ্যাসের সংকটকে এলাকার আরেকটি বড় সমস্যা হিসেবে তুলে ধরেন। গ্যাসের চাপ এতটাই কম থাকে যে, সকালের রান্না শেষ হতে হতে বিকেল গড়িয়ে যায়। এ ছাড়া আগারগাঁওয়ের নতুন রাস্তাকে কেন্দ্র করে ছিনতাইকারী চক্র সক্রিয়। এলাকায় মাদকের সমস্যাও আছে।
কাউন্সিলর প্রার্থীরা এলাকার বিদ্যমান এসব নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, খেলার মাঠ ও পাঠাগার প্রতিষ্ঠা, পশ্চিম আগারগাঁও বাজার স্থায়ী করার উদ্যোগ নেবেন বলেও জানান।