দিনভর প্রচারণায় খোকন দম্পতি

একদিকে প্রচারণায় সাঈদ খোকন। অন্যদিকে তাঁর স্ত্রী ফারহানা সাঈদ। দুজনেই গতকাল বৃহস্পতিবার সারা দিন ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। চেয়েছেন ইলিশ প্রতীকে ভোট।
গতকাল সকালে রাজধানীর চানখাঁরপুল ও এর আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। সেখানে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করব। মানুষের পাশে থাকব। আপনারা আমাকে ভোট দিন। একবার সুযোগ দিন।’
পরে সাঈদ খোকন বেলা একটার দিকে সুপ্রিমকোর্ট বারের আইনজীবীদের মধ্যে গণসংযোগে নামেন। সেখানে তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার হক সবচেয়ে বেশি। আমি আপনাদের সন্তান হিসেবে ঢাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সবার কাছে বিনীত প্রার্থনা করছি।’ তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বারে এসেছি সব আইনজীবীদের কাছে দোয়া চাইতে। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’
এ সময় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, আবদুল মতিন খসরু, আবদুল বাসেত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন সুপ্রিম কোর্টের বিভিন্ন এলাকা ঘুরে তাঁর ইলিশ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সাঈদ খোকন আজ সকাল সাড়ে নয়টা থেকে ধানমন্ডি এবং বিকেল চারটায় খিলগাঁও এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করবেন।
‘ইলিশ, ইলিশ, ইলিশ’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে গণসংযোগ করেছেন তাঁর স্ত্রী ফারহানা সাঈদ। গণসংযোগকালে ফারহানা সাঈদ উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, ‘ইলিশ, ইলিশ, ইলিশ’ প্রতীকে ভোট দেবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার ও সূত্রাপুর এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
বাহাদুর শাহ পার্ক এলাকায় গণসংযোগকালে ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী ব্যক্তিগতভাবে সৎ মানুষ। তিনি আমাদের পরিবারকে অনেক ভালোবাসেন। মেয়র পদে নির্বাচিত হলে পরিবারের মতোই আপনাদের তিনি ভালোবাসবেন। বিপদে-আপদে পাশে থাকবেন। তাই আমার স্বামীকে একবার এলাকার উন্নয়নে সুযোগ দিন, ইলিশ মার্কায় (প্রতীক) ভোট দিন।’