দিনভর ভোগান্তি, সন্ধ্যায় ট্রাক ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কে এভাবেই ট্রাক ফেলে রাখেন পরিবহন শ্রমিকেরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফিরোজপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কে এভাবেই ট্রাক ফেলে রাখেন পরিবহন শ্রমিকেরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফিরোজপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সিলেটে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ট্রাক শ্রমিকদের ডাকা ধর্মঘট ও সড়ক অবরোধ গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত রোববার থেকে ওই কর্মসূচি শুরু হয়। এতে দূরপাল্লায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
তিনজন শ্রমিকনেতা বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ, ভাঙা সড়ক সংস্কার, ডাকাতি বন্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ গ্রহণ, অতিরিক্ত টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগ ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এরপর থেকেই দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারেনি।
এদিকে অবরোধের তৃতীয় দিনে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে রাখেন। এতে শহরে তীব্র যানজট তৈরি হয়। সন্ধ্যার দিকে ট্রাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় প্রশাসনের এক বৈঠক শেষে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
অবরোধ চলাকালে গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের উপশহর এলাকার শাহজালাল তৃতীয় সেতু থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা পর্যন্ত কয়েক শতাধিক ট্রাক সড়কের বাঁ পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছেন শ্রমিকেরা। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল মোড়ে বেশ কিছু ট্রাক জটলা বাঁধিয়ে রাখা। ফলে সেখান দিয়ে কোনো যানবাহনই চলাচল করতে পারেনি। শ্রমিকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে শহরের ভেতরে মিনি ট্রাক চলাচলেও বাধা দেন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলা প্রশাসন এবং ট্রাকমালিক, শ্রমিক ও চালকনেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।