দিনভর মানুষের স্রোত

অগণন মানুষ। এসেছিলেন দলে দলে। বাবা–মায়ের হাত ধরে শিশুরা। শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষগুলো যেন প্রতীক্ষায় ছিলেন—কবে একুশ আসবে, কবে তাঁরা প্রাণের মেলায় মিলিত হতে পারবেন।
গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনেকেই বাংলা একাডেমিতে চলে আসেন। এখানে তাঁরা আসেন প্রাণের মেলায় মিলিত হতে, আসেন প্রাণের রস সঞ্চারকারী বইয়ের সন্ধানে।
ভিড়ের কারণে যাচাই–বাছাই করে বই কেনার সুযোগ কম ছিল। যাঁরা আগে ঠিক করে রেখেছিলেন, তাঁরা কাঙ্ক্ষিত স্টল বা প্যাভিলিয়নে গিয়ে কিনে ফেলেছেন। এর বাইরে জনপ্রিয় লেখকদের বই বেশি বিক্রি হয়েছে গতকাল। ভাষা আন্দোলনবিষয়ক বই খুঁজতে, কিনতে দেখা গেছে। এবারের মেলায় প্রথমা প্রকাশন এনেছে আহমদ রফিকের একুশের মুহূর্তগুলো বইটি। ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী প্রত্যক্ষদর্শী এই লেখকের অভিজ্ঞতা থেকেই ভাষা আন্দোলনের বিভিন্ন পর্বের বিবরণ দিয়েছেন বইটিতে। এ প্রতিষ্ঠান থেকে মেলায় এসেছে শিশির ভট্টাচার্য্যের গবেষণাগ্রন্থ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস: আদিপর্ব।
২৮ দিনের অমর একুশে গ্রন্থমেলার গতকাল ২১ দিন কেটে গেল। বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্য বলছে, মেলার প্রথম ২১ দিনে ৩ হাজার ৩৫৯টি নতুন বই প্রকাশিত হয়েছে।

বিকেলে অন্যপ্রকাশের প্যাভিলিয়নের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা গেল, বেশ কয়েকজন পাঠক হুমায়ূন আহমেদের দেয়াল উপন্যাসটি খুঁজছেন। মেলায় অন্যপ্রকাশের সাম্প্রতিক সংযোজন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নতুন উপন্যাস নদী কারো নয়। একই প্রকাশনা থেকে এবারের মেলায় এসেছে মোস্তফা কামালের রোমান্টিক উপন্যাস চন্দ্রমুখীর সুইসাইড নোট। দি ইউনিভার্সেল একাডেমি এনেছে এমাজউদ্দীন আহমদের বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ। চারুলিপি থেকে আমিনুর রহমান সুলতানের লোকগল্পের কবিতা। বেহুলা বাংলা প্রকাশনী এনেছে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.) স্মৃতিকথা কিছু স্মৃতি কিছু কথা। অনন্যা এনেছে বিশিষ্ট অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের গল্পগ্রন্থ জাহাঙ্গীর বাদশার ঘোড়া। অ্যাডর্ন পাবলিকেশন্স এনেছে দন্ত্যস রওশনের শিশু–কিশোর গল্পগ্রন্থ পরীদের নাচের টিচার।
বয়সে তুলনামূলক নবীন এমন বেশ কয়েকজন লেখকের নতুন বই এসেছে এবারের মেলায়। প্রথমা প্রকাশন এনেছে রাজীব হাসানের উপন্যাস আমাদের শহরে বাঘ এসেছিল। অন্যপ্রকাশ এনেছে আশা উজ জামানের উপন্যাস অন্যচোখে। সময় এনেছে মাসউদ আহমাদের গল্পের বই পাণ্ডুলিপি করে আয়োজন। বর্ষাদুপুর প্রকাশনী এনেছে ফখরুল আবেদীন মিলনের সব শুভ হোক। সংবেদ এনেছে প্রণব ভৌমিকের গবেষণা মসলিনের গল্প শোনো। দিব্যপ্রকাশ এনেছে মো. আদনান আরিফ সালিমের আব্বাস খান শেরওয়ানির বিখ্যাত রচনা ‘তারিখ ই শেরশাহী’ অবলম্বনে শের শাহ। পার্ল পাবলিকেশনস এনেছে রাফিয়া আহমেদের কবিতার বই চাতক প্রেম। সপ্তডিঙা এনেছে মিয়া হোসেনের গল্পগ্রন্থ ভূতের রাজা গ্রেফতার।
গতকাল বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা। ‘একুশে ফেব্রুয়ারির লক্ষ্য কী, অর্জনের পথ কোন দিকে’ শীর্ষক বক্তৃতা দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকির সিরাজের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা। গান শোনান শিল্পী ফকির আলমগীর, কল্যাণী ঘোষ, ফিরোজ আহমেদ, আবদুল হালিম খান।