দিনভর যাত্রীদের ভোগান্তি, সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে সিলেট সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানী থেকে ছেড়ে যায়নি সিলেটের বাস। ছবিটি আজ বিকেলে মহাখালী বাস টার্মিনাল থেকে তোলা। ছবি : আবদুস সালাম
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে সিলেট সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানী থেকে ছেড়ে যায়নি সিলেটের বাস। ছবিটি আজ বিকেলে মহাখালী বাস টার্মিনাল থেকে তোলা। ছবি : আবদুস সালাম

সিলেটে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ডাকা দূরপাল্লার বাস ধর্মঘটের কারণে আজ বৃহস্প​তিবার যাত্রীদের চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সঙ্গে ধর্মঘট আহ্বানকারীদের এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ১২ ঘণ্টার ধর্মঘট শেষে সন্ধ্যা ছয়টা থেকে পুনরায় বাস চলাচল শুরু করেছে।

গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘট চলাকালে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস টার্মিনাল ছাড়েনি। গাড়ি না পেয়ে কয়েক শ যাত্রীকে টার্মিনালের নির্দিষ্ট কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে। একপর্যায়ে বাধ্য হয়ে অনেককে ফিরে আসতে হয়। ধর্মঘট চলাকালে জেলার উপজেলাগুলোতে যাত্রীবাহী বাস চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।

বেলা আড়াইটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম জানান, গত বুধবার রাতে তিনি শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার উদ্দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে এসেছিলেন। সকাল সাতটায় হোটেলের কক্ষ ছেড়ে দিয়ে বাস টার্মিনালে এসে জানতে পারেন পরিবহন ধর্মঘট। সেই থেকে কাউন্টারে অসহ্য গরমের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে বসে রয়েছেন।

আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কয়েক শ শিক্ষার্থী আজ সকালে বাস টার্মিনালে গিয়ে হতাশা প্রকাশ করেন। বেলা তিনটার দিকে খাইরুল হক নামের এক ছাত্র বলেন, ‘হুট করে ধর্মঘট ডাকায় আমরা বিপাকে পড়েছি। কয়েক দিন আগেই টিকিট কেটেছিলাম। আজ (গতকাল) টার্মিনালে আসার পর জানতে পারি বাস যাবে না। এ অবস্থায় ভর্তি পরীক্ষা দিতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছি।’

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত একটি বাসে জনতা আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় বাস মালিক-শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সন্ধ্যায় স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা প্রদান এবং বাস ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আওতায় আনার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের এক বৈঠক হয়। শেষে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় ধর্মঘট আহ্বানকারীরা।