বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা রাস্তায় অবস্থান নেওয়ায় গতকাল বুধবার রাজধানী ঢাকা যানজটে অচল হয়ে পড়ে। যানজটের কারণে মানুষকে গন্তব্য যেতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়েছে। দিনভর যানজটের এই ধকল রাত অবধি চলেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে বিএনপির গণঅনশন শুরু হয় দুপুরে। কিন্তু সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে ও দল বেঁধে কর্মসূচিস্থলে আসতে শুরু করে। একপর্যায়ে শাহবাগ থেকে প্রেসক্লাবে আসার পথ বন্ধ হয়ে যায়। ফলে অনেক বাস বিকল্প পথে মৎস্য ভবনের পাশ দিয়ে এবং চানখারপুল দিয়ে চলাচল শুরু করে। কারওয়ান বাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় স্বাভাবিক সময়েও যানবাহনের চাপ থাকে। কিন্তু গতকাল রমনা ও পুরাতন এলিফ্যান্ট রোড বিকল্প পথে আসা যানবাহনের চাপে সারা দিনই এ এলাকা যানজটে প্রায় অচল ছিল। প্রচণ্ড গরমে বাসে বসে যাত্রীদের হাঁসফাঁস করতে দেখা গেছে। দৈনিক বাংলা মোড়ের একটি কম্পিউটার বিক্রির দোকানের কর্মী সাইফুল ইসলাম বিকেলে বলেন, বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্য দুপুরে দৈনিক বাংলা মোড় থেকে শ্যামলী যেতে তিন ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় মানিক মিয়া এভিনিউতেও যানজটে পড়েন। তিনি বলেন, মানিক মিয়া এভিনিউতে যানজটে পড়া নতুন অভিজ্ঞতা। আসাদগেট থেকে শেরাটন হোটেল পার হতে দুই ঘণ্টা সময় ব্যয় হয় বলে তিনি জানান।নগরের মূল সড়কের একাংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার ও মালিবাগ এলাকায় দীর্ঘ ও দীর্ঘস্থায়ী যানজট লাগে। দুপুরের পর যানজট আরও বেড়ে যায়। বিকেল পাঁচটার পর সড়কগুলোতে যানবাহনগুলো যেন গতি হারিয়ে ফেলে। এদিকে তীব্র যানজটের কারণে সময়মতো বাস গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে বিকেলে অফিস ছুটি হওয়ার পর যানবাহন-সংকটও দেখা দেয়। ফার্মগেট বাসস্ট্যান্ডে বিকেলে কয়েক শ মানুষকে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শনির আখড়ায় যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বাস না পেয়ে বিজয় সরণির পশ্চিম প্রান্ত থেকে হেঁটে ফার্মগেটে এসেছেন। এখানে এসেও এক ঘণ্টা ধরে বাসে উঠতে পারছেন না। সব বাস যাত্রীতে ঠাসা। ফার্মগেটে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ঢাকার মূল সড়ক তিনটি। এর একটিতে কোনো কারণে যান চলাচল বিঘ্ন ঘটলে অন্যগুলোও অচল হয়ে যায়। তখন যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কিছু করার থাকে না। বেলা একটার দিকে দেখা গেছে, মিরপুর রোডের পুরোটাই যানবাহনে ঠাসা। মোহাম্মদপুর কলেজগেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যানবাহনগুলো যেন হাঁটার গতিতে চলেছে। রাসেল স্কয়ারে সেফটি পরিবহনের চালক কামাল উদ্দিন বলেন, ‘এক মিনিট চললে ১০ মিনিট বসে থাকতে হয়। তেল পুড়িয়ে লাভ নাই। তাই বাসের ইঞ্জিন বন্ধ করে বসে আছি।’ মিরপুর: রাজধানীর অন্যতম বৃহৎ আবাসিক এলাকা মিরপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে প্রতিদিনই যানজট হয়। তবে গতকাল দিন যত বাড়তে ছিল যানবাহনের গতি তত কমে আসছিল। মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১১ ও ১০ নম্বরে বাস থামার স্থানগুলোতে ছিল অপেক্ষমাণ যাত্রীর সারি। কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত একই দৃশ্য দেখা গেছে। কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলা এলাকায় বসবাসকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীরা ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। মিরপুরের পীরেরবাগ এলাকার অধিবাসী আব্বাস উদ্দিন গোলন্দাজ প্রথম আলোকে বলেন, ‘পৌনে এক ঘণ্টা ধরে আপ্রাণ চেষ্টা করেও আমি শেওড়াপাড়া থেকে বাসে উঠতে পারিনি। শেষে তিন কিলোমিটার পেছনে মিরপুর ১০ নম্বর গোলচক্কর যাই। সেখানে ২০ মিনিট অপেক্ষার পর রীতিমতো মল্লযুদ্ধ করে ইটিসি পরিবহনে কোনো রকম দাঁড়ানোর সুযোগ পাই।’বাসে উঠতে না পেরে মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা এলাকার কর্মজীবীরা রিকশায় চড়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। শেওড়াপাড়া থেকে ফার্মগেটে ৭০ থেকে ৮০ টাকা রিকশার ভাড়া হাঁকতে দেখা যায়।