দিনভর যানজটে রাজধানীবাসীর চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে দীর্ঘ যানজটের কারণে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন অনেকে। গতকাল দুপুরে মহাখালী উড়ালসড়কের জাহাঙ্গীর গেট প্রান্ত থেকে তোলা ছবি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ গতকাল দুপুরে রাজধানীতে বিশাল শোভাযাত্রা বের করে। এতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা প্রায় বন্ধ হয়ে শহরের বড় অংশজুড়ে যানজটের সৃষ্টি হয় l ছবি: প্রথম আলো
রাজধানীতে দীর্ঘ যানজটের কারণে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন অনেকে। গতকাল দুপুরে মহাখালী উড়ালসড়কের জাহাঙ্গীর গেট প্রান্ত থেকে তোলা ছবি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ গতকাল দুপুরে রাজধানীতে বিশাল শোভাযাত্রা বের করে। এতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা প্রায় বন্ধ হয়ে শহরের বড় অংশজুড়ে যানজটের সৃষ্টি হয় l ছবি: প্রথম আলো

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর প্রধান সড়কগুলো বন্ধ থাকায় গতকাল সোমবার প্রায় দিনভর প্রচণ্ড যানজটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে।
গতকাল সকালে প্রধানমন্ত্রীর গমনাগমনের জন্য শেরেবাংলা নগর থেকে সচিবালয় পর্যন্ত রাস্তা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তখন থেকেই যানজট শুরু হয়। এরপর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দিনভর সোহরাওয়ার্দী উদ্যানে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে। মিছিলের তোড়ে দুপুর ১২টার দিকে মধ্য নগরীর সার্ক ফোয়ারা (সোনারগাঁও হোটেল) সিগন্যাল দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মিছিল শেষে কিছু সময়ের জন্য যানবাহনগুলো একটু নড়াচড়া দিতে না দিতেই আবারও প্রধানমন্ত্রীর গমনাগমনের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এরপর রাস্তা খুলে দিলেও যানবাহনগুলোকে দীর্ঘ সময় ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার কারণে সন্ধ্যা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচল প্রায় বন্ধ থাকে। শাহবাগ মোড়ে প্রচণ্ড যানজট তৈরি হয়। পুলিশ যানবাহনগুলোকে শেরাটন সিগন্যাল হয়ে ঘুরিয়ে দিয়েও পরিস্থিতি বদলাতে পারেনি। যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে মাত্র।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, গতকাল অফিস শেষে বনানীর কার্যালয় থেকে পরীবাগের বাসায় নিজের গাড়িতে যেতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। তিনি বলেন, মহাখালী ফ্লাইওভার থেকেই গাড়ি মনে হয় যেন হেঁটে হেঁটে চলেছে। শফিউল বলেন, ‘কাল (মঙ্গলবার) আবার নাকি দুই দলের সভা রয়েছে নগরে। কাল কী হবে জানি না। তবে কাল গাড়ি বের করব না।’
কারওয়ান বাজারে কথা হয় গাবতলী থেকে যাত্রাবাড়ী পথের বাসচালক আবুল বাশারের সঙ্গে। বাশার বলেন, গতকাল কেবল একবার গাবতলীতে গিয়ে ফেরার পথ ধরেছেন। অন্যদিন এই সময়ে অন্তত দুবার গাবতলী থেকে যাত্রাবাড়ী যাতায়াত করতে পারতেন। বিরক্ত যাত্রীরাও বাস থেকে নেমে গেছে। যাত্রীবিহীন অবস্থাতেই থেমে থেমে বাস চলছে। দিনের জমার টাকা উঠবে কি না, তাই সন্দেহ।
অটোরিকশাচালক সিদ্দিক ব্যাপারী বলেন, তিনি যাত্রী উঠিয়েছিলেন নিউমার্কেটে যাওয়ার জন্য। যানজটে কারওয়ান বাজারে এসে দুই নারী যাত্রী নেমে বসুন্ধরা সিটিতে চলে গেছেন। এখন খালি গাড়ি নিয়ে বসে আছেন।