দিনভর যানজটে স্থবির রাজধানী
‘সকালেও সিরাম জ্যাম আছিল। খিলক্ষেত থিকাই শুরু হইছে, এক্কেরে ফার্মগেটে আইয়া ঠ্যাকছে। খিলক্ষেত থিকা ফার্মগেট আইতে লাগছে পৌনে তিন ঘণ্টা। অহন বাজে রাইত আটটা। তাও ওই জ্যাম।’ উত্তরা থেকে গুলিস্তান পথে চলাচলকারী ৩ নম্বর বাসের চালক খায়রুল হক এভাবেই বলছিলেন যানজটে পড়ে নিজের ভোগান্তির কথা। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীবাসীকে তীব্র যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
পুলিশের নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির কর্মসূচির কারণে গণভবন থেকে সচিবালয় পর্যন্ত এলাকার রাস্তায় সকালে ও দুপুরে দুই দফায় যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়। এর বাইরে বিমানবন্দর সড়কে সকালের দিকে রাজনৈতিক কর্মসূচির কারণে কিছুটা ভিড় হয়েছিল। তবে তা খুব দ্রুতই কেটে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত কাজে তাঁর কার্যালয় থেকে সচিবালয়ে গিয়েছিলেন। এ ছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সচিবালয়ের উল্টো দিকে ওসমানী মিলনায়তনে একটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। ফলে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় ফার্মগেট থেকে বাংলামোটর, মগবাজার, শাহবাগ, সেগুনবাগিচা, পুরানা পল্টন, গুলিস্তান, ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ এবং আশপাশের এলাকায় প্রায় সারা দিনই ছিল যানজট। সড়কগুলোতে যানবাহন চলাচল করেছে মন্থর গতিতে।
এ ছাড়া গতকাল সকাল থেকে বনানী কবরস্থানে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ কারণে সকালের দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার সড়কে একটু চাপ পড়েছিল। ফলে বিমানবন্দর সড়ক ও বনানী, কাকলী এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পথে নেমে নগরবাসীকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল রাতে কারওয়ান বাজার এলাকায় কথা হয় বাসচালক খায়রুলের সঙ্গে। যানজটে থেমে থাকা তাঁর বাসটির বেশিরভাগ যাত্রী নেমে গেছেন। ইঞ্জিন বন্ধ করে খায়রুল ও বাসের অন্য দুই শ্রমিক যানজট থেকে মুক্তির অপেক্ষা করছিলেন।
অটোরিকশাচালক মোজাফফর হোসেন বলেন, সকালে ট্রিপ নিয়ে আগারগাঁও থেকে বনানী যাওয়ার পথে নতুন রাস্তার শুরুতেই যানজটে পড়েন। আবার বনানী থেকে যাত্রী নিয়ে মগবাজার যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারের ওপরেও দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করেছেন। তিনি বলেন, ‘হেব্বি জ্যাম। তার উপ্রে যে গরম পড়ছে। খালি ঘামি, আর তিয়াস লাগে। লগে পানির বোতল রাখি। বোতলও কিছুক্ষণের মইদ্দে খালি হইয়া যায়।’