দিনভর সূর্যের মুখ দেখা যায়নি উত্তরাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলে তীব্র শীত জেঁকে বসার পর গতকাল সোমবারও সারা দিন পঞ্চগড় ও গাইবান্ধায় সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় আকাশ ঢেকে ছিল। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। শীতে জবুথবু খেটে খাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশু ও বৃদ্ধসহ অনেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। রংপুরের তারাগঞ্জ ও পীরগাছায়ও প্রায় একই অবস্থা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে রিকশা-ভ্যানচালকসহ দিনমুজুর শ্রেণীর খেটে খাওয়া মানুষ। কাহিল হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত ৩৮টি শিশু গতকাল সোমবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বহির্বিভাগে ৯০টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে শিশুদের শয্যা-সংকট দেখা দিয়েছে। অনেক শিশুকে মেঝের মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আফরোজা বেগম জানান, গতকাল ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে ৯০টি শিশু এবং ১৪০ জন নারীকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৮টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা: দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনে ঢাকা-রংপুর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া গাইবান্ধার বালাসি ও জামালপুরের বাহাদুরাবাদ নৌপথে নৌকা চলাচল ব্যাহত হয়। শীতের কারণে অফিস-আদালতেও লোক সমাগম ছিল কম। খুব প্রয়োজন ছাড়া গতকাল ঘর থেকে কেউ বের হয়নি।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গত দুই দিনে শতাধিক শিশু শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। রাতে ঝিরিঝিরি বৃষ্টির মতো শিশির পড়ে। দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকেরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। রাস্তায় মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল কমে গেছে। হাড়িয়ালকুঠি ইউনিয়নের নদীর পার গ্রামে প্রায় ৫০০ লোকের বাস। ছয়-সাতটি ঘর ছাড়া সবাই ভূমিহীন। গতকাল সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায় অনেকে বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ওই গ্রামের জরিনা খাতুন (৬০) বলেন, ‘ঠান্ডাত কলজা শুদ্দা কাঁপোছে’। গ্রামের বৃদ্ধা বাবুরাম দাস (৭০) বলেন, ‘বাবা আকাশটা মনে হওছে উনদাও হইছে। ঠান্ডায় আর বাইচপার পাইছি না।’ একই ধরনের কথা বলেন স্বামীহারা ভারতী রানী (৫৫), দিনমজুর আমজাদ হোসেনসহ (৪৫) কয়েকজন।
পীরগাছা (রংপুর): উপজেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। সকালে উপজেলার তিস্তা তীরবর্তী চর ছাওলা ও চর তাম্বুলপুর গ্রামে গিয়ে দেখা যায়, দরিদ্র ও অসহায় মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। চর ছওলা গ্রামের সাহেরা বেওয়া (৭২) বলেন, ‘এই শীতোত হামরা খুব কষ্টোত আছি বাহে! হামাক কেউ একনা কম্বলও দ্যায় না।’ একই গ্রামের দিনমজুর আনছার আলী (৫৭) বলেন, ‘আইতোত বেড়ার ফাঁক দিয়ে হু-হু করি ঠান্ডা বাতাস ঘরোত ঢোকে আর ঠান্ডাত হাঁড় কাঁপি ওঠে।’ একই ধরনের কথা বলেন চর তম্বুলপুর গ্রামের সাহেব আলীসহ (৬৯) কয়েকজন।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রেজাউল করিম বলেন, শীতের কারণে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় গতকাল শিশু ও বৃদ্ধসহ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়াও বহির্বিভাগে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।