দিনভর স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রাজারহাট থেকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু এলাকা পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকা যানজটে আজ বুধবার দিনভর অনেকটাই ছিল স্থবির। ফলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাকের পেছনের চাকা ফাটার পর জট শুরু হয়। ঘড়ির কাটায় তখন ভোর পাঁচটা। আধা ঘণ্টার মধ্যে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও অতিরিক্ত গাড়ির চাপে বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে যানজট।
আবদুল জব্বারের বাড়ি মেহেরপুরে। চাকরি সূত্রে থাকেন দাউদকান্দি। তিনি বলেন, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল নয়টায় দাউদকান্দির গৌরীপুর থেকে বাসে উঠে মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটেরচর পর্যন্ত ২২ কিলোমিটার অতিক্রম করতে ৭ ঘণ্টা সময় লেগেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জের চিকাচাঁদপুর গ্রামের চাকরিজীবী হাসান মিয়া ও মতলব দক্ষিণ উপজেলার কলাদীর চাকরিজীবী রমজান মিয়া। তাঁরা জানান, ঢাকার চিটাগাং রোড থেকে সকাল ১০টার বাসে উঠে দাউদকান্দির গৌরীপুর পৌঁছতে ৬ ঘণ্টা সময় লেগেছে।
কুমিল্লার তিশা পরিবহনের বাসের চালক বুলবুল আহমেদ বলেন, একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রী ও চালকদের কষ্টের শেষ নেই।
ঢাকা-কুমিল্লায় চলাচলকারী এশিয়া লাইন পরিবহনের বাসের কুমিল্লা কাউন্টারের জাহিদ হাসান বলেন, ভোর ছয়টায় ঢাকা থেকে প্রথম বাসটি কুমিল্লার উদ্দেশে ছাড়লেও যানজটে আটকা পড়ে সকাল সাড়ে দশটা পর্যন্ত কুমিল্লায় পৌঁছতে পারেনি। অথচ দুই ঘণ্টায় কুমিল্লায় পৌঁছার কথা ছিল।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, চারলেনে গাড়ি চললেও মেঘনা সেতুর কাছে রাস্তা দুই লেন। ফলে সেতু এলাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। আর ঈদকে সামনে রেখে এখন সড়কে যানবাহনের চাপও অতিরিক্ত।
কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মেঘনা সেতুর টোলপ্লাজার পাঁচটি কাউন্টার দিয়ে পাঁচটি গাড়ি বের হলেও মেঘনা সেতুতে মাত্র একটি গাড়ি উঠতে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার দিনভর চেষ্টা চলছে।