দিনমজুর থেকে সফল চাষি
তারাগঞ্জের সর্দারপাড়া গ্রামের রেজাউল করিমের বসতভিটা ছাড়া কোনো জমি ছিল না। অন্যের জমিতে কামলা খাটতেন। এক বেলা খাবার জুটলে আরেক বেলা উপোষ। আট বছর আগে রেজাউলের অবস্থা ছিল এ রকমই। আর আজ তিনি একজন সফল শিমচাষি। অনেক কৃষকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তিনি।
উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে সর্দারপাড়া গ্রাম। ওই গ্রামে রেজাউল করিমের বাড়ি। সম্প্রতি এক সকালে গ্রামটিতে ঢুকে দেখা যায়, এক মাঠজুড়ে শিমের গাছ মাচার ওপর বিছিয়ে আছে। সেসব গাছে ফুটে আছে অসংখ্য বেগুনি-সাদা ফুল। খোঁজ নিয়ে জানা গেল, এটা রেজাউল করিমের খেত। রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বাড়ির পাশের আরেক খেত থেকে শিম তুলছেন। খেত ঘুরে দেখার ফাঁকে ফাঁকে শিম চাষে দিন ফেরানোর গল্প শোনান রেজাউল।
আট ভাইবোনের মধ্যে ছোট রেজাউল দিনমজুরি করে সংসার চালাতেন। ২০০৮ সালের একদিনের কথা। কাজ না পেয়ে হতাশ রেজাউল রাস্তার ধারে বসে ছিলেন বিমর্ষ হয়ে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভীমপুর গ্রামের সবজির বীজ বিক্রেতা হামিদুল ইসলাম। রেজাউলের কষ্টের কথা শুনে শিম চাষের পরামর্শ দেন তিনি।
রেজাউল চার শতক বসতভিটায় শিম লাগান। ৭০ দিনের মাথায় খেতে শিম ধরে। ফলন দেখে রেজাউলের মুখে হাসি ফোটে। বিক্রি করে আয় আসে দুই হাজার টাকা। এরপর অন্যের জমি বর্গা নিয়ে শিম চাষে লেগে পড়েন। এভাবে একপর্যায়ে চাষের জমি বাড়ে, আয় বাড়ে, অভাবের সংসারে আসে সচ্ছলতা। দিনমজুর থেকে হয়ে ওঠেন সফল চাষি। কেনেন দেড় একর জমি। বানান টিনের বাড়ি। মাছ চাষের জন্য খনন করেন পুকুর; চারটি গাভিও আছে। এবারে ১ একর ৮৫ শতক জমিতে শিম চাষ করেছেন রেজাউল। এরই মধ্যে ৪৫ হাজার টাকার শিম বিক্রি করেছেন। তিনি বললেন, এখনো খেতে যে পরিমাণ শিম আছে, তা বিক্রি করলে আয় হবে প্রায় ৫০ হাজার টাকা।
শিম চাষ করে রেজাউল শুধু নিজের ভাগ্যই বদল করেননি, অন্য কৃষকদেরও পরামর্শ দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন। নয় বছর আগে গ্রামের সাইফুল ইসলামকে সবাই দিনমজুর হিসেবে চিনত। তাঁর সহায়-সম্বল বলতে ছিল তিন শতক জমির ওপর ছোট্ট একটা কুঁড়েঘর। আশ্বিন-কার্তিক মাসে প্রায় উপোস করতে হতো। কিন্তু এখন সাইফুলের ঘরে সারা বছরই চাল থাকে। কামলাও খাটতে হয় না। টিনের বাড়ি করেছেন। নিজের কেনা ৭৬ শতক জমিতে এবার শিম চাষ করেছেন। এ পর্যন্ত ৪৩ হাজার টাকার শিম বিক্রি করেছেন তিনি।
এবার দুই একর জমিতে শিম চাষ করেছেন ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেন। তিনি বলেন, ধানের চেয়ে শিম চাষে লাভ দ্বিগুণ। এক একর জমিতে ধান চাষ করতে ব্যয় হয় ১৬-১৭ হাজার টাকা। উৎপাদিত ধান বিক্রি হয় ৩০-৩২ হাজার টাকা। এতে লাভ ১৪-১৫ হাজার টাকা। কিন্তু এক একরে শিম চাষে ব্যয় হয় ২০-২৫ হাজার টাকা। বিক্রি হয় ১ লাখ টাকা।
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান সবুজ চৌধুরী বলেন, রেজাউল হলেন এলাকার সব কৃষকের মডেল। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার কৃষকেরা শিম চাষের দিকে ঝুঁকে পড়েন।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, শিম চাষে খরচ কম, লাভ বেশি। তাই শিম চাষ ছড়িয়ে পড়ছে।