দিনমজুর থেকে সফল মৎস্য খামারি
শাহ আলম দিনমজুর থেকে এখন সফল মৎস্য খামারি। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া গ্রামের প্রয়াত আনু মিয়া ও মমতাজ বেগমের বড় ছেলে।১৯৮২ সাল। বাবার মৃত্যুর পর শাহ আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। সে সময় শাহ আলম এ-বাড়ি ও-বাড়ি গিয়ে দিনমজুরের কাজ করতেন। কখনো রিকশা চালাতেন। এতে শাহ আলমের পরিবারের অভাব দূর হয় না। এরপর নিকটজনের কথায় নিজের গ্রামের নিরঞ্জন দাশের বাড়িতে আবারও দিনমজুরের কাজ নেন।নিরঞ্জনের মাছের পোনা ও মাছের রেণু কাঁধে করে ভাঁড় দিয়ে বিক্রি করতেন। একসময় তিনি ওই এলাকার হ্যাচারির মালিক মন্টু মাস্টারের নজর কাড়েন। শাহ আলমকে ওই মাস্টার চার হাজার টাকা মাসিক বেতনে তাঁর হ্যাচারিতে সহকারী হিসেবে নিয়োগ দেন। সেখানে শাহ আলম মাছের কৃত্রিম প্রজননের নানা বিষয় আয়ত্ত করেন। পরে শাহ আলম মাছের চিকিৎসক হিসেবে পাঁচ হাজার টাকা মাসিক বেতনে চাকরি নেন বানাসুয়া গ্রামের শামসুল হকের হ্যাচারিতে। সেখানে কাজের পাশাপাশি শাহ আলম নিজেই নদীতে রেণুপোনা উৎপাদন শুরু করেন। এভাবেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। ১০টি পুকুরে মাছ চাষ করে এখন তিনি কোটিপতি। পারিবারিক টানাপোড়েনের কারণে তাঁর লেখাপড়া হয়নি। পাঁচ মেয়ে আর স্ত্রী বিউটি আক্তারকে নিয়ে এখন তাঁর সুখের সংসার। ১৯৯৮-৯৯ সালে হ্যাচারিতে উৎপাদিত রেণুর দাম কমে যায়। সে সময় শাহ আলম কুমিল্লা শহর ও শহরতলির বিভিন্ন এলাকার দিঘি ও পুকুর ইজারা নেন। এসব পুকুর ও দিঘিতে মৎস্য চাষ করে তিনি সাফল্য অর্জন করেন। শাহ আলম বর্তমানে কুমিল্লার চকবাজারের বিখ্যাত আমের দিঘি, পুলিশ পুকুর, মফিজাবাদ কলোনির পুকুর, আড়াইওড়া গ্রামের ছয়টি পুকুরে মাছ চাষ করেন। এ ছাড়া অংশীদারিভাবে বিভিন্নজনের সঙ্গে মাছ চাষে জড়িত রয়েছেন। সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে শাহ আলম ২০০০ সালে আদর্শ সদর উপজেলা থেকে মৎস্য পদক এবং ২০০২ ও ২০০৯ সালে জেলা থেকে মৎস্য পদক পান। পরে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাথী সমন্বিত মৎস্য খামার’। ওই খামারের মাধ্যমে তিনি মাছ ও মাছের পোনা সরবরাহ করেন। আদর্শ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন জানান, শাহ আলম ২০১১ সালেই মাছ বিক্রি করে ৭৩ লাখ ২০ হাজার ৮০০ টাকা লাভ করেছেন। কুমিল্লা অঞ্চলে মাছ চাষি হিসেবে তাঁর সুনাম রয়েছে।