দিনমজুর নয়, বিত্তবানকে পুনর্বাসন!
পঞ্চগড়ের সদর উপজেলায় ধাক্কামারা ইউনিয়নের মীরগড় গ্রামের রবিউল ইসলাম কুঁড়েঘরে থাকেন। দিনমজুরি করে তিনি অনেক কষ্টে সংসার চালান। একই গ্রামের বাসিন্দা মো. ছিদ্দিক হোসেন। তিনি পাকা টিনশেড ঘরে থাকেন। তাঁর ১০ থেকে ১৫ বিঘা জমি আছে। বিত্তবান হলেও তাঁর নামই হতদরিদ্রদের পুনর্বাসনের জন্য গ্রহণ করা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ধাক্কামারা ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকায় ছিদ্দিক হোসেনের মতো ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক নেতার ছেলে, ভাই ও ভাতিজাসহ ছয়জনের নাম রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই প্রকল্পের তালিকায় আওয়ামী লীগের নেতার পরিবারের সদস্য ও বিত্তবান স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে পঞ্চগড় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করা হয়েছে। মুক্তিযোদ্ধা এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা কমিটির সদস্য আনসার আলী গত মঙ্গলবার এ মামলা করেন। আদালত আগামী ৩০ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন।মামলায় প্রকল্পের সভাপতি ও জেলা প্রশাসক বনমালী ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, তালিকা প্রস্তুতকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ রায়সহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের জন্য সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দুটি ওয়ার্ড থেকে ৬০ জন করে দরিদ্র ও হতদরিদ্রের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কথা। এর মধ্যে ওই ইউপির চেয়ারম্যান আমানুল্লাহ ২ নম্বর ওয়ার্ডের মীরগড় গ্রামকে ওই প্রকল্পের আওতাভুক্ত করান। ওই গ্রামের ৬০ জনের তালিকা তৈরি করেন ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ রায়। সত্যেন্দ্রনাথ রায় অন্যায়ভাবে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমানুল্লাহর ছেলে মাহবুব, তাঁর ভাই কাচ্চু মিয়া, হামিদুল হক, ওবায়দুল হক, ভাতিজা সালাউদ্দিন ও রুবেল, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ভাই ব্যবসায়ী মোকাদ্দেসের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহের আলী অভিযোগ করেন, তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রকৃত গরিবদের নাম তালিকাভুক্ত করে জমা দেন। কিন্তু পরে আওয়ামী লীগের নেতারা প্রকৃত গরিবদের তালিকা থেকে বাদ দিয়ে চেয়ারম্যানের স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেন।ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ রায় বলেন, ‘ইউপি চেয়ারম্যান আমানুল্লাহর অনুরোধে তাঁর ছেলে, ভাইসহ কয়েকজন দলীয় ও ধনাঢ্য ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি তাঁদের বাদ দিতে চেয়েছিলাম। শুনেছি এ নিয়ে মামলা হয়েছে।’ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. আমানুল্লাহ তাঁর ভাই, ছেলে ও ভাতিজার নাম তালিকাভুক্ত করার কথা স্বীকার করে বলেন, ‘তাঁরা তালিকায় থাকার মতো, তাই অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া আমি একা করিনি। এটার জন্য একটা কমিটি আছে।’ বিআরডিবির পঞ্চগড়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘মামলার বাদীর একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি উপজেলার পল্লি উন্নয়ন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি।’প্রকল্পের সভাপতি ও জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পে ধনাঢ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।