দিনমজুর পরিবার একঘরে
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের একটি দিনমজুর পরিবারকে প্রায় এক মাস ধরে একঘরে করে রাখা হয়েছে। গ্রামের কেউ ওই পরিবারের সঙ্গে মিশলে তাকেও সমাজে একঘরে করে রাখা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।জানা গেছে, ওই দিনমজুরের (৫৫) জমিজমা বলতে কিছু নেই। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। ছেলে (২২) কলেজে ও ছোট মেয়ে (৯) স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করছে। বড় মেয়ে (১৫) একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে।পুলিশ, পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের কড়াই বইশাল চরের নজরুল ইসলামের ছেলে ফুল মিয়ার (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ জুলাই ফুল মিয়া মেয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। এ সময় গ্রামের কিছু লোক অবৈধ মেলামেশার অভিযোগ তুলে তাদের আটক করে ও বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় মেয়ে খারাপ আখ্যা দিয়ে বিয়েতে বাধা দেয়। এ ঘটনায় বিচার না পেয়ে মেয়ের বাবা ১৭ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুল মিয়া, তাঁর বন্ধু ওসমান ও মিষ্টিকে আসামি করে রাজীবপুর থানায় একটি মামলা করেন।আসামি এবং তাঁদের আত্মীয়স্বজনেরাই সমাজের মাতব্বর হওয়ায় গত ২৫ অক্টোবর রাতে কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছের বাড়িতে সালিস বৈঠক হয়। বৈঠকে মেয়ের বিরুদ্ধে ‘শরিয়ত পরিপন্থী’ কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। এ অপরাধে পাইকানটারি গ্রামের মসজিদের ইমাম মোসলেম উদ্দিন মুন্সি ফতোয়া দেন, ‘মেয়ে ভালো না হলে সমাজে মিশতে পারবে না। তার পরিবারের সঙ্গে কেউ মিশবে না।’ এ সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব পালন করেন মাতব্বর ইউনুস আলী, ইউপি সদস্য আমিন উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, নুরুজ্জামান ভাসানী, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল ও আবুল কাশেম দেওয়ানী।রোববার সরেজমিনে গেলে মেয়ের বাবা বলেন, ‘আমি কামলা দিয়া যা পাই, তা দিয়া আমার সংসার চালাই। ছেলেমেয়েদের খাওয়াই ও লেখাপড়া করাই। ট্যাকার অভাবে মাইয়ারে লেখাপড়া করাইতে পারি নাই। সে খারাপ না। ফুল মিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় গ্রামের মাতব্বররা আমারে সমাজচ্যুত করছে। গ্রামে কাজ করতে দেয় না। বাধ্য হইয়া দূরের গ্রামে গিয়া কাম করি। মাতব্বররা বাজারের দোকানদারের কাছ থেকেও কিছু কিনতে দেয় না।’মেয়ের মা বলেন, ‘গরিব বইলা আমগর ওপর সবাই অত্যাচার করে। কেউ কিছু কয় না। চেয়ারম্যানের কাছে গেলাম, ওনিও মাতব্বরদের কতা শুনবার কয়। আচ্ছা বলেন, আমগর কী অপরাধ?’গ্রামের সবের আলী বলেন, ‘ওই দিন সালিস বৈঠকে আমি কথা কইছিলাম বইলা দেওয়ানীরা আমাকেও হুমকি দিছে।’সালিস বৈঠকের সভাপতি ইউনুস আলী বলেন, ‘মেয়েটি খারাপ। সে এ-দিক ও-দিক চলাফেরা করে।’ ইউপি সদস্য ও মাতব্বর আমিন উদ্দিন বলেন, সেদিন সালিস বৈঠকে দুই শতাধিক মানুষ জমায়েত হয়। মেয়ের পরিবার ভুল স্বীকার করলে এ ঘটনা ঘটে না।মোসলেম উদ্দিন মুন্সি বলেন, ‘পরিবারটি ভুল স্বীকার করে সমাজের মানুষের কাছে মাফ চাইলে তার বিরুদ্ধে জারি করা বিধিনিষেধ তুলে নেওয়া হবে।’কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম যোদ্দার বলেন, ‘আমি ওই বৈঠকে উপস্থিত ছিলাম না। ঘটনাটি পরে জানতে পেরেছি।’রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজল হক বলেন, ‘ফতোয়া দেওয়া এবং একঘরে করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে জানতে পেরেছি, গ্রামের মানুষ বৈঠক করে সমাজ থেকে পরিবারটিকে আলাদা করে দিয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব বলেন, ‘ঘটনা শুনে থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’