দিনমজুরকে থানায় নির্যাতন মন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এক দিনমজুরকে থানায় ধরে নিয়ে নির্যাতনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্দেশে গত বুধবার সিকিউরিটি সেল ঢাকা সদর দপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীর এ তদন্ত শুরু করেছেন। কালীগঞ্জের রতনপুর ইউনিয়নের খুব্দিপুর গ্রামের রহিমা খাতুন জানান, জমি নিয়ে তাঁর স্বামী দিনমজুর আবদুল কাদেরের (৩৫) সঙ্গে প্রতিবেশী আবদুল গফফারের বিরোধ রয়েছে। ৮ জুন গফফার কালীগঞ্জ থানায় কাদেরের বিরুদ্ধে অভিযোগ দেন। রহিমা খাতুনের অভিযোগ, ১৬ জুন দুপুরে খুব্দিপুর গ্রামের আবু হাসানের বাড়িতে কাজ করার সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফেনসিডিল বিক্রির অভিযোগে কাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। সেখানে ওসি কে এম আলী নূর ও রফিকুল ইসলাম হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটেয়ে তাঁর স্বামীকে জখম করেন। এরপর মাদক মামলায় চালান না দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর (রহিমা) কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। ১৮ জুন জামিনে মুক্তি পান কাদের। ওই দিন রাতেই তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকার মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুলিশ তাঁর স্বামীকে নির্যাতন করেছে।রহিমা আরও জানান, স্বামীর ওপর নির্যাতনের ঘটনাটি ২১ জুন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে জানান। মন্ত্রী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দেন। বুধবার কালীগঞ্জ উপজেলা সদরের ডাকবাংলোয় তদন্ত কর্মকর্তার কাছে তিনি, তাঁর শ্বশুর আবু বক্কর, একই গ্রামের রাজা আলী, আমিনুর হোসেন, হাসান গাজী, আবদুল হামিদ, আবুল গাজী সাক্ষ্য দিয়েছেন। এসআই রফিকুল ইসলাম জানান, কাদেরের ওপর কোনো নির্যাতন চালানো হয়নি। ওসি এ কে আলী নূর ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কাদেরকে গ্রেপ্তার করার পর জাতীয় পার্টির একজন নেতা তাঁকে ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু না ছেড়ে দেওয়ায় তিনি এসব নাটক সাজিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি বুধবার তদন্ত শুরু করেছেন। বৃহস্পতিবার আরও কয়েকজনের সঙ্গে কথা বলবেন। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।