দিনমজুরকে মারধর করলেন কাউন্সিলর
বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মালেকের বিরুদ্ধে এক দিনমজুরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ওই দিনমজুরের বাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।দিনমজুর শাহ আলম জানান, ১২ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করে পৌরসভার সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই মামলার ২ নম্বর আসামি নজরুল ও ৮ নম্বর আসামি আছমা বেগমের বাবা মোস্তফা তাঁকে মেয়র ডাকছেন বলে পৌর কার্যালয়ে নিয়ে যান। সেখানে মেয়র মল্লিক মোহামঞ্চাদ আইউব, আবদুল মালেক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন খাঁ ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল করীম উপস্থিত ছিলেন।শাহ আলম অভিযোগ করেন, ‘পৌর কার্যালয়ে পৌঁছামাত্রই আবদুল মালেক আমাকে মারধর করেন।’ এ সময় লিটন খাঁসহ চার-পাঁচজন তাঁকে উদ্ধার করেন।পৌরসভার মেয়র মল্লিক মোহামঞ্চাদ আইউব বলেন, শাহ আলমের এক প্রতিবেশী তাঁর বিরুদ্ধে পৌরসভায় একটি অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ব্যাপারে জানতে কাউন্সিলর আবদুল মালেক তাঁকে (শাহ আলম) ডেকেছিলেন। এ সময় শাহ আলম কাউন্সিলর আবদুস ছালামকে কটূক্তি করায় আবদুল মালেক তাঁকে মারধর করেন। কাউন্সিলর আবদুল মালেক বলেন, ‘শাহ আলমের বিরুদ্ধে একটি অভিযোগের ঘটনা তদন্ত করতে মেয়র সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই ঘটনায় শাহ আলমকে আমি লোক দিয়ে পৌরসভায় ডেকেছিলাম। তবে মারধর নয়, আমি তাঁকে একটি থাপড় মেরেছি।’