দিনমজুরি ছেড়ে শিম চাষে লাখপতি
ছিলেন দিনমজুর। এ-জেলায় ও-জেলায় ঘুরে কাজ করে চালাতেন সংসার। দিনমজুরি ছেড়ে দিয়ে শিম চাষ শুরু করে এখন লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের একজন ভূমিহীন।
ওই ব্যক্তির নাম আবদুল জলিল (৫০)। বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে। গত সোমবার ওই গ্রামে গিয়ে কথা হয় চাষি তাঁর সঙ্গে। স্ত্রী, ছেলে ও নাতি-নাতনি নিয়ে তাঁর সাত সদস্যের সংসার। একখণ্ড বসতভিটা ছাড়া চাষ করার মতো কোনো জমি নেই জলিলের। জীবনের বেশির ভাগ সময় দিনমজুরি করে কাটিয়েছেন। এই মৌসুমে এক অঞ্চলে তো পরের মৌসুমে আরেক অঞ্চলে।
‘দুই বছর আগে বগুড়ায় কাজ করতে গিয়ে শিমের আবাদ দেখে অবাক হই। অল্প জমিতে প্রচুর গাছ। ফলনও ভালো। কয়েকজন শিমচাষির সঙ্গে কথা বলে খুঁটিনাটি জেনে নিই। তাঁদের সাফল্যের কথা শুনে মনে মনে স্থির করি, গ্রামে গিয়ে আমিও শিম চাষ করব।’ বলছিলেন আবদুল জলিল।
দিনমজুরি ছেড়ে বাড়ি ফিরে ১৫ শতক জমি বর্গা নিয়ে শিম চাষ শুরু। এতে সব মিলিয়ে খরচ হয় পাঁচ হাজার টাকার মতো। পরে শিম বিক্রি করে খরচাপাতি বাদ দিয়েও প্রায় ৩৫ হাজার টাকা লাভ থাকে। সেটা গত বছরের কথা।
জলিল জানান, এ বছর তিনি ৩৫ শতক জমিতে শিম চাষ করেছেন। জমির মালিককে পাঁচ মণ ধান দিতে হবে। বাড়িতে গোবর সার তৈরি করে খেতে ব্যবহার করায় রাসায়নিক সার লাগেনি বললেই চলে। এর বাইরে জমি চাষ, মাচা তৈরি, বীজ, কীটনাশক কেনাসহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। শিম বিক্রি করে এবার যে আয় হবে, খরচ বাদ দিয়েও লক্ষাধিক টাকা হাতে থাকবে বলে আশা করছেন তিনি।
তবে আবদুল জলিলের ক্ষোভ, তিনি উপজেলা কৃষি অফিসের কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। ফলে এখন পর্যন্ত অন্যের কাছ থেকে ধার করা জ্ঞান ও নিজের যৎসামান্য অভিজ্ঞতাই এ ক্ষেত্রে ভরসা।
াজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘আবদুল জলিলের শিম চাষ সম্পর্কে জানতে পেরেছি। তিনি কৃষি অফিসের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। যোগাযোগ করলে আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা দেব।’