দিনমজুরের কাজ করছেন শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর ধরে রাঙামাটির বাঘাইছড়ির আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। অনেকে শিক্ষকতার পাশাপাশি পরিবারের খরচ জোগাতে দিনমজুরের কাজও করছেন।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ৯ জানুয়ারি দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘোষণা অনুযায়ী উপজেলায় আটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এ-সংক্রান্ত গেজেট ওই বছরের ৬ অক্টোবর প্রকাশ করা হয়।
বিদ্যালয়গুলো হলো দোসর বাজার, আয়নামতি আজিজ, লাঙ্গলমারা, পশ্চিম খেদারমারা, বড়মাহিল্যা সাগাদিয়া ছড়া, তাংগুমা মুখ, ভূয়াছড়া ও নবপেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৭০০।
বড়মাহিল্যা সাগাদিয়া ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার চাকমা জানান, অভাবের কারণে দিনমজুরের কাজও করতে হচ্ছে তাঁকে। সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না। কোনো রকমে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। তিনি জানান, আরও অনেক শিক্ষক সংসার খরচ চালাতে দিনমজুরের কাজ করছেন।
শিক্ষকেরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর পরিচালনা কমিটি শিক্ষকদের বেতন-ভাতা দিত। তাতে কোনো রকমে সংসার চলত। কিন্তু জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর কমিটি থেকে পাওয়া বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। একজন শিক্ষক তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেতন পেতেন। গত দুই বছর বেতন-ভাতা বন্ধ থাকায় তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ৩২ জন শিক্ষকের মধ্যে ২৯ জনই আদিবাসী।
তাংগুমা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল কান্তি চাকমা বলেন, গ্রামবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হতো। ২০১৩ সালে বিদ্যালয়গুলো জাতীয়করণ করার পর কমিটি থেকে শিক্ষকেরা আর বেতন পাচ্ছেন না।
বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছাড় না দেওয়ায় আটটি বিদ্যালয়ের শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। অর্থ বরাদ্দ পেলে তাঁরা বেতন-ভাতা পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ থাকার বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি। এ নিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।