দিনমজুরের ঘর ভেঙে দিলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়ায় এক দিনমজুরের বসতবাড়ি আওয়ামী লীগের এক স্থানীয় নেতা লোকজন নিয়ে ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার শীতলবাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নেতার নাম মো. ফারুক মোল্যা। তিনি কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, যে দিনমজুরের ঘর ভাঙা হয়েছে তাঁর নাম ওমর খান। তিনি শীতলবাটি গ্রামে ১৬ শতাংশ জমিতে টিনের ঘর তুলে পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন। তিনি, তাঁর স্কুলপড়ুয়া মেয়ে ও ছেলে এবং স্ত্রী ভাঙা ঘরের বারান্দায় তীব্র শীতের মধ্যে কষ্টে রাতযাপন করছেন। ওমর খান অভিযোগ করেন, তিনি পিরোলী ইউনিয়নের ডুমরা মৌজার ৩৩২১ নং দাগের সাড়ে ১৬ শতাংশ জমি একই গ্রামের বড়ুবিবি ওরফে জামিলার কাছ থেকে কিনেছেন। কিন্তু কিছুদিন ধরে পিরোলী গ্রামের আয়ুব মোল্যা ওই জমি কিনে নিয়েছেন বলে তাঁকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন। মঙ্গলবার আয়ুব মোল্যার ভাই ফারুক মোল্যা লোকজন নিয়ে তাঁর ঘর ভেঙে দেন ও মালামাল তছনছ করে চলে যান। ফারুক মোল্যা দাবি করেন, ওমর খান পরের জমিতে বাস করছেন। তাই এলাকার লোকজন ভেঙে দিয়েছে।