দিনমজুরের ঘরে তিন নক্ষত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের এক দিনমজুরের পরিবারে জন্ম হাসান, হাসেম ও মহসিনার৷ পড়াশোনার খরচ জোগানো তো দূরের কথা, ওদের বাবা ময়েন উদ্দিন দৈনিক যে মজুরি পান, তা দিয়ে পরিবারের সাত সদস্যের দুই বেলা ভাত জুটত না৷ বাধ্য হয়ে দুই ভাই হাসান ও হাসেম নেমে পড়ে দিনমজুরের কাজে৷ আর দিনমজুরের কাজ করে তারা পড়াশোনার খরচ চালায়৷
দিনে কাজ আর রাতে এক কুপির আলোয় পড়াশোনা করত তিন ভাইবোন৷ তারা তিনজনই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে৷ হাসান ও হাসেম উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় এবং মহসিনা হাতিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে ওই ফল করে৷
সরেজমিনে দেখা গেছে, দুই কক্ষের ছোট একটি কুঁড়েঘরে ছয় সদস্যের পরিবার নিয়ে বাস করেন ময়েন উদ্দিন৷ দেড় শতক আয়তনের বসতভিটাই তাঁর একমাত্র সম্বল৷ কুঁড়েঘরের একটি কক্ষে ছোট মেয়েকে নিয়ে ময়েন ও তাঁর স্ত্রী থাকেন৷ অপর কক্ষে দুটি চৌকি৷ একটিতে হাসান ও হাসেম এবং অপরটিতে মহসিনা ঘুমায়৷ ওই কক্ষে পড়াশোনার কোনো টেবিলও নেই৷ চৌকির মাঝখানে একটি কুপি জ্বালিয়ে তিন ভাইবোন এক সেট বই দিয়েই পড়াশোনা চালায়৷ ওদের মা খয়রন বেগম গৃহিণী৷ পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় খায়রুল মিয়া৷ তিনি দিনমজুরের কাজ করেন এবং পাশে খড় দিয়ে তৈরি ছোট একটি কুঁড়েঘরে বাস করেন৷ তাঁর ছোট হাসান মিয়া, হাসেম আলী ও মহসিনা আক্তার৷ বয়সে পার্থক্য থাকলেও তারা একই শ্রেণিতে পড়াশোনা করে৷ সবার ছোট মৌসুমী খাতুন পঞ্চম শ্রেণিতে পড়ে৷
নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বলেন, মেধাবী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা হাসান ও হাসেমকে সব সময়ই অনুপ্রেরণা দিয়েছেন৷ হাতিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, মহসিনার পড়াশোনায় আগ্রহ দেখে তার বেতন নেওয়া হয়নি৷
তবে তিন ভাইবোনই ভবিষ্যতে পড়াশোনা চালানোর খরচ জোগাড় করা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ প্রতিবেদকের কাছে৷ ময়েন উদ্দিন বলেন, ‘ছোল তিনট্যা পাস করি হামার ঘরোক চিনতাত ফেলাচে৷ অ্যাকটা হলে চিনতা আচিলো না, তিনজনেক বড় কেলাসোত পরামো ক্যামন করি৷’
খয়রন বেগম বলেন, ‘জিপি পাঁচ কী! হামরা বুজিনে৷ খালি ছোলগুলো কয় ভালো এজাল করচি৷ একন বলে ম্যালা ট্যাকা নাগবে৷’