দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই, আগুনে পুড়ে ছাই
পেশায় দিনমজুর; মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল অন্যের জমিতে তোলা একটি টিনের চালা। গত শুক্রবার সন্ধ্যায় সেই চালাটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামনখালী গ্রামের এই দিনমজুরের নাম হবিবর রহমান। চালাঘরটিতে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। এখন তাঁকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে।
হবিবর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেঠো জমি দূরের কথা, ঘর করার মতো একখণ্ড জমিও নেই তাঁর। অন্যের খেতে কাজ করে সংসার চালান। এই অবস্থায় গ্রামের আসাদুর রহমান ঘর তুলতে একখণ্ড জমি দেন। এলাকাবাসীর সহযোগিতায় সেখানে এক কক্ষের টিনের চালা তোলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঘরে আগুন লেগে যায়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে থাকা তাঁর একমাত্র ছেলেসন্তান ও গর্ভবতী স্ত্রী কোনোমতে রক্ষা পেলেও আগুনে পুড়ে যায় ঘর ও ঘরে থাকা শেষ সম্বল। এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলামনখালী গ্রামের বাসিন্দা ফয়েজ উল্লাহ বলেন, পরিবারটির মাথা গোঁজার কোনো জায়গা থাকল না। ঘটনাটি খুবই দুঃখজনক।