দিনমান সড়কে কাজ মেলে না টাকা
‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমরা সড়ক করে যাচ্ছি। অথচ ছয় মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। সারা দিন সড়কে কাজ শেষে বাড়ি ফিরে উপোস থাকতে হয়।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন খাগড়াছড়ির দীঘিনালার আরএমপির নারী শ্রমিক অরুণা দেবী চাকমা।এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে (আরএমপি) দীঘিনালার পাঁচটি ইউনিয়নের অর্ধশতাধিক নারী শ্রমিক ছয় মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, আরএমপি প্রকল্পে অর্থ বরাদ্দ না থাকায় নারী শ্রমিকদের বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না।জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সড়ক রক্ষণাবেক্ষণের জন্য আরএমপি প্রকল্পের আওতায় ২০০৮ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে দুজন সুপারভাইজার ও ৫২ নারীকে শ্রমিক হিসেবে নিয়োগ দেন। সুপারভাইজাররা দৈনিক ১৮০ টাকা বেতন ও নারী শ্রমিকেরা দৈনিক ৯০ টাকা পাওয়ার কথা, যার ৬০ শতাংশ নগদ ও ৪০ শতাংশ সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা থাকবে। নিয়োগ পাওয়ার পর থেকে নারী শ্রমিকেরা দুই মাস অন্তর বেতন পেয়ে এলেও গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত বেতন এখনো পাননি। উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের নারী শ্রমিক দীপু বড়ুয়া, শেফালী চাকমা, আয়েশা বেগম এবং ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের নন্দ রানী চাকমা, জাহানারা বেগম ও দহরী ত্রিপুরা অভিযোগ করেন, ‘আমরা সারা দিন সড়কে কাজ করি। রোদ, বৃষ্টি, ঝড় হলেও আমাদের কাজে যেতে হয়। এত কষ্টের পরও আমরা ঠিকমতো বেতন পাই না। আরএমপির চাকরি করায় অন্য কোনো কাজেও যেতে পারি না।’দীঘিনালা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার চয়না চাকমা ও বোয়ালখালী ইউনিয়নের সুপারভাইজার মিনাকি চাকমা বলেন, ‘শ্রমিকদের কষ্টের কথা কী বলব? আমরাও বেতন না পেয়ে একই কষ্টের মধ্যে আছি।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, আরএমপি প্রকল্পে অর্থ বরাদ্দ না থাকায় শ্রমিক ও সুপারভাইজারদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ এলে তাঁরা একত্রে সব টাকা পাবেন। আর শ্রমিকদের নিজ নিজ হিসাব নম্বরে সঞ্চয়ের টাকা জমা হয়ে যাবে।