দিনরাত পদ্মার পাড়ে শুধু কান্না আর হাহাকার
ঢাকার দোহার উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে নয়াবাড়ী ইউনিয়নের পানকুন্ড, অরঙ্গাবাদ ও ধুলশুরা গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। ভিটেমাটিহারা মানুষের পাশে কেউ নেই। নদীর পাড়ে সর্বস্ব হারানো মানুষের শুধু কান্না আর হাহাকার। সরেজমিনে দেখা গেছে, শত বছরের বাপ-দাদার ভিটে হারিয়ে নির্বাক তাকিয়ে আছেন আলিমুদ্দিন (৮০) ও শেখ ফালু (৮০)। তাঁদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব। ফালু ও আলিমুদ্দিন বললেন, তাঁরা এখন জীবনের তাগিদে যে যাঁর মতো আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। হয়তো কেউ কারও মৃত্যু দেখার সুযোগ পাবেন না। পদ্মার ভাঙনের শিকার আবদুর রহিম পরিবার-পরিজন নিয়ে অজানার উদ্দেশ্যে পথ হাঁটছেন। তিনি জানেন না কোথায় গেলে তাঁদের মাথা গোঁজার ঠাঁই মিলবে। রহিম পরনের বস্ত্র আর হাঁড়ি-পাতিল ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। এভাবে প্রতিদিন শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে।শনিবার দুপুরে অরঙ্গাবাদ ভাঙন এলাকায় খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার, তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার ও দুটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি লিখেও কোনো সদুত্তর মেলেনি। এমনকি তাদের পক্ষ থেকে ঘটনাস্থলেও কেউ আসেনি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।