দিনরাত প্রচারে সরব চৌদ্দগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী দিনরাত প্রচার চালাচ্ছেন। চার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় প্রচার চালাতে পারছেন না বিএনপির প্রার্থী। তবে তিনি মুঠোফোনে ভোটারদের কাছে ভোট চাইছেন। মাঠপর্যায়ে তাঁর হয়ে প্রচার চালাচ্ছেন তাঁর মা।
বিএনপির মেয়র প্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানী ওরফে নয়ন বাঙালীর মা বেগম মেহেরুন্নেছা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
বেগম মেহেরুন্নেছা হক দাবি করেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমার ছেলের বিরুদ্ধে ওই মামলাগুলো দায়ের করা হয়। একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে ও এলাকায় আসতে পারছে না। নির্বাচনে দল মনোনয়ন দিয়েছে, সে জন্য মাঠে নেমেছি। ছেলেকে হারাতে চাই না। আমি চাই না আমার ছেলে গুম হোক। তাই ছেলের হয়ে মাঠে নেমেছি। মামলার কারণে ও সরাসরি ভোটারদের সামনে আসতে পারছে না। তবে বিভিন্ন মাধ্যমে ভোট চাইছে। ফোনে ফোনে ভোটারদের কাছে ভোট চাইছে।’
চৌদ্দগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি গোলাম মুহাম্মদ রাব্বানী দলটির মেয়র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামার ২(খ) ফৌজদারি মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুটি মামলা বিচারাধীন এবং একটি মামলা থেকে তিনি জামিনে মুক্ত আছেন। মামলাগুলোর মধ্যে রাজধানীর সিএমএম আদালতে বিশেষ ক্ষমতা আইনে দুটি, দণ্ডবিধির ১৮৬০ ও ১৯৬০ সালের আইনে দুটি, বিস্ফোরক দ্রব্য আইনে একটি, ৫০৬ ধারায় একটি এবং সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬/৫২০ ধারায় একটি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের দুটি ও দণ্ডবিধির ১৮৬০ ও ১৯৬০ সালের আইনের দুটি মামলায় তাঁর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।
মেয়র প্রার্থী গোলাম মুহাম্মদ রাব্বানী বলেন, ‘মামলার কারণে সরাসরি মাঠে নামতে পারছি না। মা আমার পক্ষে প্রচার চালাচ্ছেন। আমার নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। রাজনীতি করার কারণে নির্যাতন ও মামলা হয়েছে।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ-বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাব্বানী। অন্যায়ভাবে মেধাবী ওই রাজনীতিবিদের নামে মামলা দায়ের হয়েছে। সুষ্ঠু ভোট হলে তিনি জিতবেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান গত শুক্রবার সকাল থেকে পৌর এলাকার শ্রীপুর, দক্ষিণ ফালগুনকরা, পূর্ব চান্দিশকরা, জৈন্তীনগর ও বৈদ্যেরখলা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মীর হোসেন প্রমুখ। মিজানুর রহমান দাবি করেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই ভোটাররা সাড়া দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীকে দল বহিষ্কার করেছে। তাঁকে নিয়ে ভাবছি না। জনগণ আমার কাজ ও দলের প্রতি চরম আনুগত্যকে মূল্যায়ন করবে।’
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারী চৌদ্দগ্রাম বাজার ও চান্দিশকরা এলাকায় প্রচারণা চালান। তাঁর পক্ষে আওয়ামী লীগ ও যুবলীগের একটি অংশের নেতা-কর্মীরা প্রচারে নেমেছেন। ইমাম বলেন, ‘চৌদ্দগ্রাম পৌর এলাকার বঞ্চিত ও উপেক্ষিত দলীয় নেতা-কর্মীদের প্রার্থী আমি। সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন।’