দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে হামলা, ভাঙচুর
দিনাজপুরের ১০০ শয্যাবিশিষ্ট অরবিন্দ শিশু হাসপাতালে এক রোগীর স্বজনেরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল কোতোয়ালি থানায় মামলা করেছে।এজাহার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা শহরের চেথরাপাড়া এলাকার আবদুস সামাদ শ্বাসকষ্টে আক্রান্ত তাঁর তিন বছরের মেয়ে গোলাপীকে ওই হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আটটার দিকে সে মারা যায়। এ মৃত্যুর জন্য গোলাপীর পরিবারের সদস্যরা অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে এবং ওই দিন রাত ১০টার দিকে শিশুটির বাবা আবদুস সামাদের নেতৃত্বে ১০ ব্যক্তি চাপাতি, চায়নিজ কুড়াল ও লাঠি নিয়ে হাসপাতালের ভেতর প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় গতকাল হাসপাতাল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুমার বাদী হয়ে আবদুস সামাদসহ ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।