দিনাজপুর এসএন কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে দিনাজপুরে ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ (এসএন) কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী মিলনমেলা।এ উপলক্ষে ষাটোর্ধ্ব তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিল দিনাজপুর শহর। দীর্ঘদিন পর দেখা হওয়া মানুষগুলো একে অপরকে আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরছিলেন।প্রায় ৫০ বছর পর ক্যাম্পাসে আসা তিন বান্ধবী রাহেলা খাতুন (৬৬), রোকেয়া খাতুন (৬৫) ও আনোয়ারা খাতুন (৬৫) বলেন, ১৯৬৬ সালে বিএ পাস করার পর আবার ক্যাম্পাসে এসে মনে হচ্ছে যেন সেই বিএ ক্লাসে পড়তে এসেছেন।দিনাজপুরের আইনজীবী ও রাজনীতিক মো. আবদুল লতিফ বললেন, ‘১৯৫৫ সালে এসএন কলেজ থেকে পাস করার এত দিন পর কলেজ ক্যাম্পাসে শত শত বন্ধুদের মিলনমেলায় এসে মনে হচ্ছে, আমরা হারিয়ে গেছি কৈশোরে।’দুই দিনব্যাপী মিলনমেলার প্রথম দিন শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউড থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বের হয় শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে সাবেক এসএন কলেজ (বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজ) ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর কলেজের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায় যথাক্রমে জাতীয় ও উৎসবের পতাকা উত্তোলন করেন। কলেজের প্রথম ব্যাচের (১৯৪২) ছাত্র মো. তাহের উদ্দিন আহমেদ ও প্রকৌশলী মো. শামসুদ্দিন খান বেলুন ও পায়রা আকাশে উড়িয়ে দেন।কলেজের প্রাক্তন ছাত্র আজিজুল ইসলাম বলেন, বর্তমান মহিলা কলেজটি তখন ছিল এসএন কলেজ। স্বাধীনতার পর কলেজটির ভবনে সরকারি মহিলা কলেজ চালু হলে এসএন নাম মুছে ফেলা হয়। তিনি কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি এসএন মহিলা কলেজ’ নামকরণের দাবি জানান।