দিনাজপুর ও কুষ্টিয়া থেকে প্রতিযোগিতা আজ শুরু
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগদানের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ১০ম গণিত উৎসব ২০১২ শুরু হচ্ছে আজ রোববার থেকে। প্রথম দিনে দিনাজপুর ও কুষ্টিয়া অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।দিনাজপুর জিলা স্কুলে আজ সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গণিত উৎসবের উদ্বোধন করবেন দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম। দিনাজপুরসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার খুদে গণিতবিদ প্রতিযোগিতায় অংশ নেবে।কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে উৎসবে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুল-কলেজের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন।সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের উৎসব স্থলে আসতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে একজন অভিভাবক আসতে পারবেন। শিক্ষার্থীরা পরীক্ষার কক্ষে কোনো বই, ব্যাগ বা ক্যালকুলেটর নিতে পারবে না। প্রতিযোগীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক (ইউনিফর্ম) পরে আসতে হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে প্রতিযোগী এবং দেশের প্রখ্যাত গণিতবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কুইজ, প্রশ্নোত্তর পর্ব এবং জমজমাট রুবি স্কিউব প্রতিযোগিতা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং উত্তরের জন্য খুদে গণিতবিদদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।