দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ধানখেতে ব্লাস্ট রোগ
ঠাকুরগাঁও ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইরি-বোরো ধানখেতে ছত্রাকজাতীয় ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খেতের পর খেতের ধান সাদা হয়ে যাচ্ছে। কৃষকেরা আশঙ্কা করছেন, ফসলের বড় ধরনের ক্ষতি হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন, জগন্নাথপুর ও বেগুনবাড়ি এলাকায় দেখা গেছে, অনেক খেতে ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে।
পূর্ব বেগুনবাড়ি গ্রামের কৃষক আনছার আলী প্রথম আলোকে বলেন, এ বছর তিন বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। তিন-চার দিন আগে হঠাৎ ধানগাছের পাতার রং কালো হয়ে শিষ শুকিয়ে যেতে থাকে। অনেক ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। ধান নষ্ট হয়ে গেলে পরিবারের সদস্যদের নিয়ে কী খাবেন ভেবে পাচ্ছেন না।
এদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার কিছু বোরোখেত বিএলবি রোগে আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কৃষকদের পাশে আছেন।
চলতি মৌসুমে জেলায় ৫৯ হাজার ৯৭৮ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা ৭৯ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ২১১ মেট্রিক টন ধান।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ব্লাস্ট রোগে আক্রান্ত ধান ৮০ ভাগ পর্যন্ত ক্ষতি হয়। ধানের শিষ বের হওয়ার পর মেঘাচ্ছন্ন আকাশ, বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উচ্চ আর্দ্রতা, দিনে গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া থাকলে ধানখেতে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ সম্পর্কে তিনি বলেন, ব্লাস্ট রোগ বিস্তারের আগে টেবুকোনাজল-ফ্রাইফ্লক্সিস্টবিন গ্রুপের ছত্রাকনাশক খেতে ছিটাতে হবে। আর আক্রান্ত হলে জমিতে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আর ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাশনাশক ১০ থেকে ১৫ দিন ব্যবধানে দুবার ছিটাতে হবে।
এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ইরি-বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াছ ফারুক বলেন, এ উপজেলার ১০ ইউনিয়নে ২৪ হাজার ৭৬০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণ করা হয়েছে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কৃষক গোলবাদ হোসেন ও হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, ধানখেতে ছত্রাকনাশক স্প্রে করিছি। কিন্তু চার পয়সারও কাজ হচ্ছে না। বিঘার পর বিঘা জমির ধান চিটা হয়ে যাচ্ছে। ফসল হারিয়ে আমরা সর্বস্বান্ত হয়ে পড়ছি।’
গতকাল সরেজমিনে উপজেলার মোস্তফাপুর, চণ্ডীপুর, রামপুর ও বেলাইচন্ডি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা গেছে, এমন কোনো ব্রি-২৮ ও মিনিকেট ধানখেত নেই, যেখানে এই রোগের সংক্রমণ ঘটেনি। বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া, মোস্তফাপুর ইউনিয়নের দণ্ডপানি, রামকৃষ্ণপুর, পলাশবাড়ী ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের জমিতে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি চোখে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বলেন, ব্লাস্ট আক্রান্ত ধানখেতে ছত্রাকনাশক ব্লাস্টিন শূন্য দশমিক ৬০ গ্রাম, নাটিভো ৭৫ ডব্লিউপি শূন্য দশমিক ৬০ গ্রাম, ট্রুপার ৭৫ ডব্লিউপি বা জিল ৭৫ ডব্লিউপি শূন্য দশমিক ৮১ গ্রাম প্রতি লিটার পানিতে এবং এর সঙ্গে কার্বান্ডাজিম গ্রুপের গোল্ডাজিম, গিলজিম, এমকোজিম নোইন, নিউজিম, ইউনিজুম, বাভিস্টিন ও ব্যান্ডাজিম অনুমোদিত মাত্রায় মিশিয়ে দুপুরের পর খেতে স্প্রে করতে কৃষকদের বলা হচ্ছে।