দিনাজপুর ও পাটগ্রামে শিক্ষার্থীদের মধ্যে সেদ্ধ ডিম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে গতকাল রোববার স্কুলশিক্ষার্থীদের সেদ্ধ ডিম খাওয়ানো, গ্রামে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামে শিশুদের সেদ্ধ ডিম খাওয়ানোসহ নানা কর্মসূচি পালন করা হয়।
দিনাজপুর সদর উপজেলার বালাপাড়া গ্রামে সকালে কৃষকদের মধ্যে উঠান বৈঠক ও গবাদিপশুর কৃমিনাশক বিতরণ কর্মসূচি পালন করা হয়। বেলা তিনটায় বুশরা পোল্ট্রি ফার্ম ও মাদকাশক্তি নিরাময় কেন্দ্র ‘ভাবনা’র সৌজন্যে সেন্ট ফিলিপস হাইস্কুলের পরিচালনায় মাদার তেরেসা চ্যারিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ডিম খাওয়ায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, কৃষি কর্মকর্তা নুর আলম, পল্লী দ্রারিদ্র্য বিমোচন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। পরে তিন শ ছাত্রছাত্রীকে সেদ্ধ ডিম খাওয়ানো হয়।