সংসদের প্রশ্নোত্তরে স্থানীয় সরকারমন্ত্রী
দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশন করার বিষয়টি বিবেচনায়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শর্তপূরণ সাপেক্ষে দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তরপর্বে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
পিনু খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন গঠনের শর্তানুযায়ী পৌর এলাকার জনসংখ্যা ন্যূনতম চার লাখ হতে হবে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হবে তিন হাজার, বছরে স্থানীয় আয়ের উৎস পাঁচ কোটি টাকা ও আয়তন ন্যূনতম ২৫ বর্গকিলোমিটার হতে হবে।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিন মাসের মধ্যে প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫টি কাঁচাবাজার ফরমালিন মুক্ত ঘোষণা করা হবে। ফরমালিন শনাক্ত করার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবলসহ বুথও স্থাপন করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটির ১৩টি সরকারি ও ১৫টি বেসরকারি কাঁচাবাজার ফরমালিন ও ভেজালমুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে বাকি বাজারগুলোতে এই নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া পৌরসভাসমূহের হাট-বাজারকে ফরমালিন মুক্ত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছানোয়ার হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজধানীর পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও ফুটওভার ব্রিজ উন্মুক্ত থাকে। মাঝেমধ্যে কিছু হকার বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন। সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের উচ্ছেদ করে থাকে।
নজরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের আওতায় ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূর করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় কল্যাণপুর খাল, দ্বিগুণ খাল, আবদুল্লাহপুর খাল, বাউনিয়া খাল, মহাখালী খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল, জিরানি খাল, খিলগাঁও খাল, বাসাবো খাল ও শাহজাহানপুর খালের খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া বেগুনবাড়ি খাল, বাইশটেকি খাল, কুর্মিটোলা খাল ও মান্ডা খাল খননের সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।