দিনাজপুর ও সৈয়দপুরে বাস ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ৩২টি রুটে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। সৈয়দপুরে এক মোটরশ্রমিককে মারধরের অভিযোগে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা ও মহাসড়কে নির্বিঘ্নে যাত্রীবাহী বাস চলাচলের দাবিতে গতকাল থেকে নীলফামারীর সৈয়দপুরে দূরপাল্লার বাস ধর্মঘট চলছে।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক জানান, গতকাল সকাল নয়টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের প্রবেশমুখে পুলিশ সুপারের গাড়িকে সাইড না দেওয়ায় তাঁর এক দেহরক্ষী জাহেদা পরিবহনের সহযোগী (হেলপার) এনামুল হককে বেধড়ক মারধর করেন। প্রতিবাদে মোটর পরিবহনশ্রমিকেরা দুপুর ১২টা থেকে বাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিকনেতারা জানান, দোষী পুলিশ সদস্যের অপসারণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম প্রথম আলোকে বলেন, সকালে তিনি ডিআইজির কার্যালয়ে এক সভায় যোগ দিতে রংপুর যাচ্ছিলেন। পথে সৈয়দপুর শহরে প্রবেশের আগে মহাসড়কে দাঁড়িয়ে থেকে বাসগুলো যাত্রী তুলছিল। বারবার হর্ন দিলেও তারা সাইড দিচ্ছিল না। পরে ওই বাসের নম্বর লিখে পুলিশ সার্জেন্টকে জানিয়ে কোনো রকমে গাড়ি নিয়ে ওই স্থান থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এ সময় কোনো বাসশ্রমিককে মারধরের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী একাধিক বাসযাত্রী জানান, পুলিশ সুপারের গাড়ি চলে যাওয়ার পর জাহেদা পরিবহনের বাসটি সৈয়দপুর শহরে ঢুকলে পুলিশ সার্জেন্ট বাসটিকে থানায় নিয়ে যান। এতে ওই বাসের চালকসহ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সৈয়দপুরে মোটরশ্রমিকদের নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু সৈয়দপুরের মোটরমালিক-শ্রমিকেরা তাতে সাড়া দেননি। এদিকে শ্রমিকদের শান্ত করতে বাসটিকে ছেড়ে দেওয়া হয়। পরে বাসটি দিনাজপুরে ফিরে এসে শ্রমিকদের সংগঠিত করে। এরপর দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
এদিকে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘট ডেকেছে। আজ রোববার থেকে ঢাকাসহ অন্যান্য জনপদের দূরপাল্লার বাস চলাচলে বাধা দেওয়া হবে বলে স্থানীয় মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন।
সৈয়দপুরের ইকু পরিবহনের মালিক সিদ্দিকুল আলম জানান, তাঁর একটি বাস দীর্ঘ তিন বছর ধরে পঞ্চগড়-সৈয়দপুর হয়ে বগুড়া পথে চলাচল করছে। অথচ পঞ্চগড় মালিক সমিতির পক্ষ থেকে ওই বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। মালিক সমিতি বলেছে, ৫০ হাজার টাকা চাঁদা দেওয়া না হলে ইকু পরিবহন পঞ্চগড়ে ঢুকবে না।
অপরদিকে সৈয়দপুরের নাদের পরিবহনের মালিক শাহনেওয়াজ শানু জানান, তাঁর মালিকাধীন নাদের পরিবহনের একাধিক বাস ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন পথে চলাচল করে। টাঙ্গাইল বাস মালিক সমিতি তাঁদের দুটি বাস গত শুক্রবার টাঙ্গাইল কেন্দ্রীয় বাস টার্মিনালে আটকে রাখে। কারণ, টাঙ্গাইলের বাসমালিকেরা নীলফামারী জেলায় আঞ্চলিক সড়কগুলোতে তাঁদের বাস চালানোর সুযোগ চান।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ‘চাঁদাবাজি বন্ধ ও কথায় কথায় সৈয়দপুরের মালিকদের বাস মহাসড়কে অবরোধ করে রাখার প্রতিবাদে আমরা ধর্মঘটে যাচ্ছি। প্রতিবাদ হিসেবে টাঙ্গাইল ও পঞ্চগড়ের তিনটি বাস আমরাও আটকে রেখেছি। বিষয়টি নীলফামারী জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। আজকের (শনিবার) মধ্যে সংকট নিরসন না হলে রোববার (আজ) সৈয়দপুর থেকে কোনো দূরপাল্লার চলবে না।’
নীলফামারীর জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক জানান, ‘ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’