দিনাজপুর কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি
বর্ধিত বেতন স্কেল ও পদোন্নতির দাবিতে দিনাজপুর কালেক্টরেটের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা গতকাল সোমবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন তাঁরা। কালেক্টরেট সহকারী কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেন। কর্মবিরতির কারণে দিনাজপুর জেলা কালেক্টরেটের অধীনে সব দপ্তরের কার্যক্রম অচল হয়ে পড়ে।
কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি আবু তাহের বলেন, সারা দেশে ইউনিয়ন ভূমি কার্যালয়গুলোয় কর্মরত কর্মচারীদের পদবি ছিল সহকারী তহশিলদার। তাঁদের বেতন স্কেল ছিল সাড়ে চার হাজার টাকা। অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল ছিল চার হাজার ৭০০ থেকে চার হাজার ৯০০ টাকা। সম্প্রতি সরকার সারা দেশে সহকারী তহশিলদারদের ‘ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা’ পদে উন্নীত করে বেতন স্কেল ছয় হাজার ৪০০ টাকা নির্ধারণ করে। এ কারণে কালেক্টরেটের কর্মচারীদের বেতন ও পদবি তহশিলদারদের চেয়ে নিচে নেমে এসেছে। এ অবস্থায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীরা পদোন্নতি ও বর্ধিত বেতন স্কেলের দাবিতে আন্দোলন শুরু করেছেন।