দিনাজপুর কোতোয়ালি থানার কনস্টেবলের বিরুদ্ধে মামলা
স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবুল বাশার প্রামাণিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে আবুল বাশারের স্ত্রী আয়েশা সিদ্দিকা বাদী হয়ে ওই থানায় মামলাটি করেন।
আয়েশা সিদ্দিকা বর্তমানে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর ডান হাতের তালুতে তিনটি সেলাই দিতে হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, নীলফামারী সদর উপজেলার কাচারীপাড়া এলাকার আবুল বাশারের সঙ্গে একই এলাকার আবদুর রহমানের একমাত্র মেয়ে আয়েশার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাশার তিন লাখ টাকা যৌতুক চেয়ে আসছিলেন। যৌতুক না দেওয়ায় তিনি আয়েশাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ ৪ মার্চ সন্ধ্যায় দিনাজপুর শহরের ভাড়া বাসায় বাশার তাঁর কোমরের বেল্ট খুলে আয়েশাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে পাশের ফ্ল্যাটে ভাড়া থাকা পুলিশ কনস্টেবল আলমগীর ও তাঁর স্ত্রী এসে বাশারকে থামতে বাধ্য করেন। খবর পেয়ে আয়েশার পরিবারের সদস্যরা নীলফামারী থেকে দিনাজপুরে এসে আয়েশাকে ওই দিন রাতেই দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করান।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন গতকাল রোববার বলেন, ৫ মার্চ থেকে আবুল বাশার সাত দিনের ছুটিতে রয়েছেন। এক পুলিশ কর্মকর্তাকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার বিষয়টি উল্লেখ করে বাশারকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবসংবলিত একটি প্রতিবেদন পুলিশ সুপারের (এসপি) কাছে পাঠানো হয়েছে।