তিস্তা সেচ প্রকল্পের আওতায় থাকা নীলফামারীর দিনাজপুর খালে পর্যাপ্ত পানি নেই। এ কারণে সেচের জন্য দিনাজপুর খাল ও এর শাখা খালগুলোর ওপর নির্ভরশীল কৃষকেরা শ্যালো মেশিন দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে সেচকাজে ব্যবহার করছে। আর দিনাজপুর খালে যে সামান্য পানি আছে তাও কৃষকেরা শ্যালো মেশিন দিয়ে তুলে সেচকাজে ব্যবহার করছেন। এতে কৃষকদের খরচ হচ্ছে বেশি।কৃষকেরা বলছেন, সেচ খালে পানি না দেওয়ায় বাধ্য হয়ে তাঁরা শ্যালো মেশিনে সেচ দিয়ে বোরো চারা রোপণ করছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, কৃষকেরা এখনো বোরো চারা রোপণ শুরু করেননি। তাই তাঁরা কেউ পানি চাচ্ছেন না। তাঁরা পানি চাইলে দেওয়া হবে।গত শনিবার নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দিনাজপুর সেচখাল এলাকা ঘুরে দেখা গেছে, খালে পর্যাপ্ত পানি নেই। খালটির কোথাও কোথাও শুকিয়ে গেছে। আবার কোথাও খাল থেকে শ্যালো মেশিন দিয়ে পানি তুলে বোরো চারা রোপণ করছের কৃষকেরা।জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাড়ী গ্রামের কৃষক ধীরেন্দ্রনাথ রায় (৪৫) বলেন, ‘খুব কষ্ট করি ওয়া (চারা) গারেছি। বিচনের বয়স বেশি হইছে, ক্যানেলত পানি দেয়ছে না। এখন শ্যালো ভাড়া করি পানি দিয়া ওয়া গাড়ির নাগেছে।’একই গ্রামের ভরত চন্দ্র রায় (৩৫) বলেন, ‘এ গ্রামে কয়েক হাজার বিঘা জমি থাকলেও এখানে তিস্তা সেচ খালের শাখা খাল নেই। এই গ্রামের কৃষকেরা প্রতিবছর দিনাজপুর খালে ছয়টি পাইপ লাগিয়ে পানি নেন। কিন্তু এবার খালে পানি নেই, পাইপ লাগিয়ে কী হবে।’পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘কৃষকেরা এখনো পানি চাচ্ছেন না, এ কারণে আমরা পানি দিচ্ছি না। শাখা খালগুলোর ডাক কম হওয়ায় আমরা ইজারা দিচ্ছি না। নতুন করে ডাক হবে।’ তিনি বলেন, ‘ডাক না হলেও কৃষকেরা চাইলে শাখা খালে পানি না দিলেও প্রধান খালে পানি দেব।’ তিনি আরও বলেন, ‘দিনাজপুর খালের আওতায় আমরা প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা দেব।’নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হোসেন নূরী বলেন, জেলায় এ বছর ৮০ হাজার ৩৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখনো তাদের সেচ কার্যক্রম শুরু না করায় ওই প্রকল্প এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।