দিনাজপুর, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দিনাজপুর সদর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য নিহত ও তাঁর ছেলে আহত হয়েছেন। একই দিন গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক পথচারী প্রাণ হারিয়েছেন।
দিনাজপুরে নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫০)। বাড়ি দিনাজপুর উপশহরের ৬ নম্বর ব্লকে। তাঁর আহত ছেলের নাম শিশির হোসেন (১১)। গাইবান্ধায় নিহত ব্যক্তির নাম ওয়াহিদুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি সদর সদর উপজেলার খোলাহাটি গ্রামে। উভয় দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুরে আশরাফ আলী ছেলে শিশিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে দিনাজপুর শহরে আসছিলেন। চুনিয়াপাড়া এলাকায় তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফ ঘটনাস্থলেই নিহত হন।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অটোরিকশাটি চিহ্নিত করা হয়েছে।