দিনাজপুর চেম্বার ভবনসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা
দিনাজপুর চেম্বার ভবনসহ আশপাশের এলাকায় গতকাল শনিবার বিকেলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতের আদেশ উপেক্ষা করে গতকাল বেলা দুইটার দিকে চেম্বার ভবনে কার্যকরী কমিটির সভা করতে যায় দিনাজপুর চেম্বারের মেয়াদোত্তীর্ণ কমিটির একাংশ। তাঁদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি নূরুল মঈন, সহসভাপতি রফিকুল ইসলাম, সদস্য ও ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মির্জা আশফাক প্রমুখ। এই খবরে সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই সাধারণ ব্যবসায়ীরা চেম্বার ভবন ঘেরাও করেন। সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলাম বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত চেম্বার ভবনসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।