দিনাজপুর জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় দিনাজপুর জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে দিনাজপুরবাসী ও জেলা ক্রীড়া সংস্থা ওই সংবর্ধনার আয়োজন করে।
‘আমরা দিনাজপুরবাসী’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. সফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ ছাড়া দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মো. রুহুল আমিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীর সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হামিদুল হক বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, জেলা চাল কল মালিক গ্রুপের সহসভাপতি সারোয়ার আশফাক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, আয়োজক কমিটির সদস্যসচিব মোসাদ্দেক হোসেন চৌধুরী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আবু ইবনে রজ্জব জেলা ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন।
হাবিবুল বাশার বলেন, ৩৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দিনাজপুরের ছেলেরা ৬৪ জেলার কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব এবং অবস্থা জানান দিয়েছে। তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, তবে এটাই শেষ নয়, শুরু। ভবিষ্যতে জাতীয় দলে স্থান করে নিতে তিনি দলের খেলোয়াড় ও সংগঠকদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।