দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজনূর রহমান শাহ মুকুর চৌধুরী ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
মুকুর চৌধুরীর মা দিনাজপুরের বিশিষ্ট শিশু সংগঠক ও সমাজ কর্মী ইয়াসমিন জামান প্রথম আলোর কাছে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে মুকুর চৌধুরী অসুস্থ ছিলেন। ঈদে দিন সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। আজ শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির ৪০ মিনিট পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নাজনূর রহমান শাহ মুকুর চৌধুরীর মরদেহ রাতেই ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে হবে। দিনাজপুরে আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে তাঁর দাফন সম্পন্ন হবে।