দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণসহ বিভিন্ন কাজে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার পাঁচটি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জেলার ৯০৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। উপজেলা যাচাই-বাছাই কমিটি যে তালিকা চূড়ান্ত করেছে, সেই তালিকাই জেলা কমিটি অনুমোদন করেছে। এ ক্ষেত্রে তিনি কারও কাছ থেকে ঘুষ নেননি। অনেক বিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ার নীতিমালার শর্ত পূরণ না করলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপে যাচাই-বাছাই কমিটিকে কোথাও কোথাও নমনীয় হতে হয়েছে।

এ ক্ষেত্রে কোনো অবৈধ লেনদেন হয়ে থাকলে তাঁর সঙ্গে তিনি জড়িত নন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের বদলি ও অবসরভাতা প্রদান এবং টাইম স্কেল, দক্ষতা সীমা অতিক্রমসহ বিভিন্ন নথিতে সই দেওয়ার জন্য উৎকোচ নেননি বলে দাবি করেন সিরাজুল ইসলাম।

অভিযোগ থেকে জানা গেছে, সিরাজুল ইসলাম জাতীয়করণের তালিকাভুক্ত করার জন্য প্রতিটি বিদ্যালয় থেকে পাঁচ লাখ টাকা করে আদায় করেন। একইভাবে জাতীয়করণের অধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্যও প্রত্যেক শিক্ষক এবং প্রতিষ্ঠান থেকে তিনি চার-পাঁচ লাখ টাকা করে নিয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৩০ জুলাই সিরাজুল ইসলাম একটি মাইক্রোবাস ভাড়া করে নবাবগঞ্জে এসেছিলেন।

জাতীয়করণের তালিকায় তোলার জন্য তিনি উপজেলার কুড়াহার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে ৮০ হাজার, ভেবটগাড়ী থেকে ৩৭ হাজার, লাউগাড়ী থেকে ৮৭ হাজার এবং মহিষবাথান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে এক লাখ টাকা উৎকোচ নিয়েছেন। তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে না পেলে সেই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ১৫ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নোটিশ প্রত্যাহার করে নেন।

অবসরকালীন ভাতা মঞ্জুর করার জন্যও তিনি শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল ও দক্ষতা সীমা অতিক্রম করার নথিতে সই দেওয়ার জন্য ৮ থেকে ১০ হাজার টাকা নেন। ৪০-৫০ হাজার টাকা না দিলে কোনো শিক্ষকের বদলির নথিতে তিনি সই করেন না। সম্প্রতি বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করতেও তিনি টাকা নিয়েছেন।