দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট খুলে দেওয়ার দাবি
১০ দিন ধরে বন্ধ দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট অবলিম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।সাধারণ শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটে ষষ্ঠ পর্বের শ্রেণী পরীক্ষা শুরু হয়েছে। ১০ জুলাই কুইজ পরীক্ষা। এরপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ এবং দুই পর্বের শিল্প প্রশিক্ষণ (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং) ও ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সবকিছুই বন্ধ রয়েছে। ফলে প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীর অপূরণীয় ক্ষতি হবে। এমনকি সেশনজটে পড়ারও আশঙ্কা রয়েছে। তাঁরা অবিলম্বে ইনস্টিটিউট খুলে দেওয়ার দাবি জানান। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘পুরোনো বিরোধের জের ধরে ৩ জুলাই ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ বাধে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাধ্য হয়ে ৫ জুলাই ক্যাম্পাস বন্ধ করে দিতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্যাম্পাস খুলে দেওয়া হবে। পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।’