দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিকদের হামলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার নববর্ষের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় সাতজন ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে একটি বাসে চড়ে শহরে আসছিলেন। দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ছাত্ররা নামতে চাইলে বাসের চালক ও শ্রমিকেরা বাস থামাননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর মধ্যে বাসটি টার্মিনালে পৌঁছালে শ্রমিকেরা ওই সাতজন ছাত্রকে বেদম মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্ররা হলেন: সাব্বির আহমেদ, মো. শামীম আলম, যবেদ কায়সার, সজল কুমার বসাক, সুব্রত বসাক, মো. রাসেল ও ধরণী রায়। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের লেভেল-১-এর ছাত্র।দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বলেন, ছাত্রদের সঙ্গে শ্রমিকদের অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তার অভাব বোধ করায় বাসমালিকেরা দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে কিছু দূর ঘুরে বিকল্প পথে সীমিতসংখ্যক বাস চলছে।