দিনাজপুর-পার্বতীপুর সড়কে দুই দিন ধরে যান চলাচল বন্ধ
দিনাজপুর-পার্বতীপুর সড়কে দুই দিন ধরে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবেরবাজার টিকিয়াপাড়া মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজশিক্ষক হাসিনুর রহমান (৩২) নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা এ সড়কটি বন্ধ করে দেয়।এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমঞ্চান তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবদুর রাজ্জাক জানান, বাস বন্ধ থাকার কারণে তাঁর মতো কলেজগামী কয়েক শ শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, বিক্ষুব্ধ জনতা ঘটনার পর থেকে ওই পথে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি বাসের চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবে না। দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, পুলিশসহ ওই এলাকার মানুষের সঙ্গে আলোচনা চলছে। সুরাহা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।চিরিরবন্দর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাসিনুর রহমান মোটরসাইকেলে করে চিরিরবন্দর থেকে পার্বতীপুরে যাচ্ছিলেন। পথে ভবেরবাজারে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাসিনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।