দিনাজপুর পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য, হয়রানি
দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্যে স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। পাসপোর্ট করাতে দালালদের সাহায্য না নিলে নানা হয়রানির শিকার হতে হয়। এ কারণে লোকজন অতিরিক্ত টাকা খরচে দালালদের মাধ্যমে পাসপোর্ট করাতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগীদের সূত্রে এসব তথ্য জানা গেছে। দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের লোকজন পাসপোর্ট করাতে পারেন। নিয়ম অনুযায়ী আবেদনের ১০ কর্মদিবসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) পাসপোর্ট পেতে ছয় হাজার টাকা এবং ২৫ কর্মদিবসের মধ্যে পেতে তিন হাজার টাকা ফি ব্যাংকে জমা দিতে হয়। এ ছাড়া জেলা প্রশাসকের লোকাল রিসোর্স (এলআর) তহবিলে জমা দিতে হয় ২০০ টাকা।ভুক্তভোগীরা জানান, কেউ পাসপোর্ট ফরম পূরণ করে জমা দিতে চাইলে কর্মকর্তা-কর্মচারীরা নানা ভুল বের করেন। সামান্য ভুল শুধরে না দিয়ে তাঁরা আবেদনকারীদের ঘোরাতে থাকেন। ফলে আবেদনকারীরা দালালদের কাছে যেতে বাধ্য হন। গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও থেকে পাসপোর্ট করতে আসা সাদেকুল ইসলাম জানান, ফরম জমা দিতে এসে তাঁকে তিন দিন ঘুরতে হয়েছে। প্রথম দিন সামান্য ভুল ধরে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরদিন গেলে আরেকটি ভুল বের করা হয়। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ব্যাংকে জমা করা পাসপোর্ট ফির রসিদে ভুল বের করে বলা হয় নামের আগে ‘মো.’ না লেখায় ভুল হয়েছে। বাধ্য হয়ে ফিরে গিয়ে ব্যাংক থেকে সংশোধন করে পরদিন জমা দেন।ফুলবাড়ী উপজেলা থেকে আসা সুফিয়া খাতুন জানান, ফরমে বিবাহিতা উল্লেখ করায় তাঁর কাছে কাবিননামা চাওয়া হয়। অবশেষে জেলা প্রশাসক কার্যালয়ের একজন নারী কর্মকর্তার হস্তক্ষেপে তাঁর ফরম জমা নেওয়া হয়। বিরামপুর শহরের ব্যবসায়ী আতাউর রহমান জানান, গত ১২ সেপ্টেম্বর তিনি পাসপোর্ট করাতে গেলে এম এ মান্নান নামের একজন দালাল তাঁকে বলেন, ‘এখান থেকে ফরম পাবেন না। জমা দিতে অনেক ঝামেলা হবে। আমার কাছে আসেন, সব ব্যবস্থা করে দিচ্ছি। সাধারণের জন্য চার হাজার ৭০০ টাকা আর জরুরির জন্য সাত হাজার ৭০০ টাকা লাগবে। তবে নিজে নিজে করতে চাইলে বিভিন্ন অজুহাতে আপনাকে ঘোরাবে। এর থেকে বেশি খরচ হবে।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ অধিকারী বলেন, ‘ওই কার্যালয়ে হয়রানি নিয়ে তাঁদের কাছে অনেক অভিযোগ আসে। অনেক অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। ফরম পূরণে সাধারণ মানুষ যে ভুলগুলো করেন তা খুব সহজেই শুধরে দেওয়া যায়। কিন্তু ওই কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা ভুলগুলো শুধরে না দিয়ে আবেদনকারীদের দালালদের কাছে যেতে বাধ্য করছেন। হয়রানির অভিযোগগুলো সচেতন নাগরিক কমিটির (সনাক) পক্ষ থেকে পাসপোর্ট কার্যালয়ের সহকারী উপপরিচালকের কাছে তুলে ধরা হয়েছে। দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার তাজুল ইসলাম অভিযোগগুলো স্বীকার করে বলেন, দালালদের দৌরাত্ম্য নির্মূলে পাসপোর্ট অধিদপ্তর থেকে জেলা ও পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।