দিনাজপুর পৌরসভার ১২ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে সাতজনই ছয় দিন ধরে কারাগারে। ফলে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অর্থ আত্মসাতের মামলায় আদালত গত ৩০ মার্চ তাঁদের জেলহাজতে পাঠান।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, রাস্তার কাজ না করে পৌরসভার ৬২ লাখ ৩৯ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুদক দিনাজপুরের সহকারী পরিচালক শেখ মেসবাহ উদ্দিন বাদী হয়ে ২০০৮ সালে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামি করা হয় দিনাজপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, পৌরসভার ১৫ জন কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ২৬ জনকে। গত ৩০ মার্চ মামলার নির্ধারিত দিনে পৌরসভার সাতজন কাউন্সিলরসহ ১৫ জন আসামি দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। পরদিন আদালত থেকে জামিনে মুক্তি পান দুজন মহিলা কাউন্সিলর ও একজন সাবেক মহিলা কাউন্সিলর। কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, সাতজন কাউন্সিলর জেলে থাকায় সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, প্রত্যয়নপত্র, পাসপোর্ট শনাক্তকরণ কাজে স্বাক্ষর, কৃষিঋণের জন্য সুপারিশসহ পৌরসভার বিভিন্ন কাজে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।