দিনাজপুর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান তৃণমূলের

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সদ্যঘোষিত দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। গত সোমবার রাতে জেলা কার্যালয়ে তাৎক্ষণিক সভা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার প্রতিবাদী নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সাংবাদিকদের কাছে তাঁদের ক্ষোভের কথা জানান।
গতকাল দুপুরে শহরের গণেশতলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে। এ কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকার, যুবদলের ১ নম্বর আহ্বায়ক মোন্নাফ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ, জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মকসেদুল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক লাবু চৌধুরীসহ দলের অনেক নেতা-কর্মীকে দেখা যায়।
বিক্ষোভ করা নেতা-কর্মীরা নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক সাংসদ আকতারুজ্জামান মিয়া ও সাবেক কোষাধ্যক্ষ মো. মোকাররম হোসেন এই দুই নেতার ব্যাপারে প্রবল আপত্তি জানান।
মোন্নাফ মুকুল প্রথম আলোকে বলেন, দলের চরম দুর্দিনে খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যাঁরা রাজপথে মিছিল, আন্দোলন–সংগ্রাম করেছেন, জেল–জুলুম, পুলিশের লাঠিপেটা সহ্য করেছেন; সেই ত্যাগী নেতা-কর্মীদের অনেকের নাম যে কমিটিতে নেই, কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির সেই কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।
বখতিয়ার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, উল্লিখিত দুই নেতা বিগত দিনে রাজপথে সরকারবিরোধী আন্দোলন–সংগ্রামে সংশ্লিষ্ট না থাকা, দলের কতিপয় নিষ্ক্রিয় নেতা, যাঁরা আগামী দিনে দলের মূল দায়িত্বে আসার স্বপ্ন দেখছেন—নতুন কমিটিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল নেতা-কর্মীরা কোনো দিন মেনে নেবেন না।
মান্নান সরকার বলেন, গত সোমবার রাতে দলের কেন্দ্রীয় কমিটি থেকে ৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ও প্রকাশ করা হয়েছে। দলের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। ওই কমিটি দেখে দিনাজপুরে দলের তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে চিরিরবন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. আকতারুজ্জামান মিয়া ও মো. মোকাররম হোসেনকে। এই দুই ব্যক্তিকে বিগত দিনগুলোতে আন্দোলন–সংগ্রামে পাওয়া যায়নি। পুলিশ দলের যেসব নেতা-কর্মীকে একাধিক মামলার আসামি করেছে, মোকাররম তাঁদের নাম–ঠিকানা পুলিশের কাছে সরবরাহ করেছেন বলে দলের নেতা-কর্মীরা অভিযোগ করেন।
জানতে চাইলে সদ্যবিলুপ্ত জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রঘোষিত আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান বলেন, এই মুহূর্তে তাঁর পক্ষে কোনো মত প্রকাশ করা উচিত হবে না। তবে সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি গঠনের আগে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের কোনো মতামত নেননি। নিলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলে তিনি জানান।