দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আমেনা বাকী স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে আছে রংপুর ও নীলফামারীর সৈয়দপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। বোর্ডের দ্বিতীয় সেরা স্কুলের মর্যাদা ধরে রেখেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। 
ফলাফলে রংপুর জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা ২০টির তালিকায় জায়গা করে নিয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার পাঁচটি, নীলফামারী জেলার সৈয়দপুরের দুটি, ঠাকুরগাঁও জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা ২০টির তালিকায় স্থান করে নিয়েছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বোর্ডের অধীন আট জেলা থেকে মোট তিন হাজার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৯৮ হাজার ৫০৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার ১২৭ জন। পাস করেছে এক লাখ ৭৫ হাজার ৮১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪২০ জন।
পরীক্ষায় অংশ নেওয়া ৯৫ হাজার ৭৮৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৮৫ হাজার ৯৪২ জন। পাসের হার ৮৯ দশমিক ৭২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২২৯ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৯ হাজার ৩৩৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৮৬৮ জন। মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৪৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে-৭ হাজার ১৯১ জন। ৮২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, দিনাজপুরের চেয়ে রংপুর এবং নীলফামারী জেলার সৈয়দপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করছে।