দিনাজপুর বোর্ডের সেরা রংপুর ক্যান্ট. পাবলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বোর্ডের সেরাদের সেরা স্থান অর্জন করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠানের ২৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফল প্রকাশের পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করে। এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান বলেন, ‘এবারের ফলাফলে আমরা খুব আনন্দিত। নিয়মিত মডেল টেস্ট ও নিয়ম-শৃঙ্খলার কারণে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতাও ছিল।’ রংপুর ক্যাডেট কলেজ বোর্ডে দ্বিতীয় স্থান, রংপুর জিলা স্কুল চতুর্থ ও রংপুর সরকারি বালিকা বিদ্যালয় অষ্টম স্থান অধিকার করেছে। বীর উত্তম সৈয়দ সামাদ স্কুল ১৮তম এবং পুলিশ লাইন স্কুল ও কলেজ ১৯তম স্থান অধিকার করেছে। রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, গত বছরের চেয়ে এ বছর ৪৫ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে আরও অনেক ভালো ফলাফল করেছে। শিক্ষার্থীদের পড়ার মান ভালো করতে প্রতিনিয়ত শিক্ষকেরা শিক্ষার্থীদের পেছনে শ্রম দিয়েছেন বলে সাফল্য এসেছে। জিপিএ-৫-এর দিক থেকে রংপুরের তিনটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের চেয়ে অনেক ভালো ফলাফল করেছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে গত বছরের চেয়ে এ বছর ৯৬ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। রংপুর জিলা স্কুল ৪৫ জন ও সরকারি বালিকা বিদ্যালয় ৫৮ জন শিক্ষার্থী গত বছরের চেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে।