দিনাজপুর মুক্ত দিবস নিয়ে বিতর্ক
দিনাজপুর মুক্ত দিবস নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। দিনাজপুর সদর ও পার্শ্ববর্তী বিরল উপজেলার মুক্তিযোদ্ধাদের মতে, একাত্তরের ১৫ ডিসেম্বর দিনাজপুর হানাদার মুক্ত হয়েছিল। কিন্তু দুই বছর ধরে ১৪ ডিসেম্বরকে দিনাজপুর মুক্ত দিবস হিসেবে পালন করছে স্থানীয় আওয়ামী লীগ।দিনাজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন বড়গ্রাম ক্যাম্পের কমান্ডার মো. বেশার উদ্দিন মাস্টার প্রথম আলোকে বলেন, ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা দিনাজপুর শহরে ঢুকতে পারেননি। ১৫ তারিখ ভোরে হানাদাররা সব ক্যাম্প গুটিয়ে দিনাজপুর থেকে চলে যায়। ওই দিন সকাল ১০টায় ছফর আলীকে (সহকারী কমান্ডার) সঙ্গে নিয়ে তিনি দিনাজপুর শহরে প্রবেশ করেছিলেন। ছফর আলী মো. বেশার উদ্দিন মাস্টারের বক্তব্যকে সমর্থন করেন।দিনাজপুরের মুক্তিযোদ্ধা মো. জবেদ আলী বলেন, ১৪ তারিখে দিনাজপুর শহরে পাকিস্তানি বাহিনী ছিল। দিনের বেলা জেলার সদর উপজেলার উথরাইল গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ হয়। দিনাজপুর হানাদার মুক্ত হয়েছিল ১৫ ডিসেম্বর। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার অধ্যক্ষ মো. সাইফুদ্দিন আখতার বলেন, ১৬ ডিসেম্বর তিনি নাজিম উদ্দিনসহ তাঁর সহযোদ্ধাদের নিয়ে দিনাজপুর শহরে এলে উদ্বেলিত মানুষ তাঁদের গলায় কাগজের ফুলের মালা দিয়ে বরণ করেন। এ রকম অনেক মুক্তিযোদ্ধা যাঁরা দীর্ঘ নয় মাস ধরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ের গৌরবে শহরে প্রবেশ করেছিলেন, এদের সবার মতে ১৫ ডিসেম্বর দিনাজপুর হানাদার মুক্ত হয়েছিল। এ অবস্থায় ১৪ ডিসেম্বরকে দিনাজপুর মুক্ত দিবস হিসেবে পালন করার অর্থ ইতিহাসকে বিকৃত করা।এ ব্যাপারে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইমাম চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে আওয়ামী লীগ ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস পালন করে আসছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারও বলেছেন, ১৪ ডিসেম্বর দিনাজপুর হানাদার মুক্ত হয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ জেলা কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়ে দিবসটি পালন করছে। এ ক্ষেত্রে কেউ আপত্তি করলে যে দিবসটি সত্য বলে নিশ্চিত হওয়া যাবে, জেলা আওয়ামী লীগ সেই দিবসটি দিনাজপুর মুক্ত দিবস হিসেবে পালন করবে।জেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বলেন, বেশির ভাগ মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত হয়েছিল বলে জানা গেছে। তবে ভুল হয়ে থাকলে সবাই মিলে বসে যেটা সঠিক বলে রায় দেবেন, সেই দিবসটিই দিনাজপুর মুক্ত দিবস হিসেবে পালন করা হবে।