নির্মাণকাজ দেড় বছরেরও বেশি সময় আগে শেষ হলেও ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হচ্ছে না। জনবল সংকট, ৬৪ কোটি টাকায় কেনা যন্ত্রপাতি হস্তান্তর নিয়ে জটিলতাসহ কয়েকটি কারণে হাসপাতালটি চালু করা যাচ্ছে না। শহরের হাউজিং এলাকায় নির্মিত নতুন এই হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় লোকেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুই কিলোমিটার দূরে দিনাজপুর আধুনিক সদর হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করতে হয়। তাই নতুন হাসপাতাল ভবন চালুর দাবিতে তাঁরা মিছিল, সভা, সড়ক অবরোধসহ অনেক আন্দোলন করেছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। হাসপাতালের নির্মাণকাজ ২০০৪-০৫ অর্থবছরে শুরু হয়। বরাদ্দ হয় ১৩৪ কোটি টাকা। প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দিনাজপুর শাখার তৎকালীন সভাপতি ও দিনাজপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান এ এইচ এম শফিকুর রহমান। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৬ সালের জুনে। কাজ শেষ না হলেও ২০০৬ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন ভবন উদ্বোধন করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রকল্পের মেয়াদ ২০০৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। বরাদ্দও বাড়ানো হয় সাড়ে ১০ কোটি টাকা। জটিল যে সমস্যা: সাবেক প্রকল্প পরিচালক শফিকুর রহমানকে গত বছরের ৩০ মার্চ বরিশালে বদলি করা হয়। কেউ তাঁর কাছ থেকে প্রকল্পটি বুঝে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক চিকিৎসক অভিযোগ করেন, প্রকল্প পরিচালক অনেক অনিয়ম করেছেন। সে দায় কেউ নিতে চায় না। সংশ্লিষ্ট সবাই জানায়, প্রকল্প পরিচালক ২০০৫ সালে হাসপাতালের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছেন ৬৪ কোটি টাকা ব্যয়ে। এসব যন্ত্রপাতি আজও বাক্সবন্দী। অনেক মূল্যবান যন্ত্রপাতির বিক্রয়োত্তরসেবার (ওয়ারেন্টি) সময়সীমা পার হয়ে গেছে।সাবেক প্রকল্প পরিচালক দাবি করেন, হাসপাতাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ের কোনো কাজে বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। তিনি উল্টো অভিযোগ করে বলেন, নির্মাণকাজ ২০০৮ সালের জুনে শেষ হয়। তাঁর দায়িত্বও তখন শেষ হয়েছে। কিন্তু মন্ত্রণালয় ও মহাপরিচালকের দপ্তরে অনেক লেখালেখি করেও গত দেড় বছরে প্রকল্প বুঝে নিতে কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি। ২০০৯ সালের এপ্রিলে নতুন প্রকল্প পরিচালক হিসেবে শাহ্ মো. আব্দুল আহাদকে নিয়োগ দেওয়া হয়। আব্দুল আহাদ ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার পুরো প্রকল্পের মালামাল ও ভবন বুঝে নেন। কিন্তু ছাড়পত্র দেননি। এ অবস্থায় যন্ত্রপাতি বাক্সবন্দী থাকলে নষ্ট তো হবেই। শাহ্ মো. আব্দুল আহাদ (বর্তমানে এলপিআরে) প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ২৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ শুরু করে। নতুন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে তাঁকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আব্দুল আহাদ জানান, পরে নতুন ভবনে হাসপাতাল চালু করতে গত বছরের ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে পদোন্নতি দিয়ে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অনুষ্ঠিত সভায় আগের প্রকল্প পরিচালকের কেনা যন্ত্রপাতি বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়। স্টোর কিপার সাজেদুল ইসলাম এবং মালপত্র সরবরাহকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে গত বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মাল বুঝে নেওয়া হয়। এ ব্যাপারে সাবেক প্রকল্প পরিচালকের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি। গত ৩১ ডিসেম্বর আবাসিক সার্জন মোহাম্মদ আলীর কাছে মৌখিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। সাবেক প্রকল্প পরিচালকের জিডি: সাবেক প্রকল্প পরিচালক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, আব্দুল আহাদ মালামাল বুঝে নিয়ে ছাড়পত্র দেননি। আর্থিক-সংশ্লিষ্টতা থাকায় প্রকল্প পরিচালক পদে কাউকে না পেয়ে শফিকুর রহমান নতুন কর্মস্থলে যেতে পারছেন না। এ অবস্থায় সরকারি মালামাল ও নিজের চাকরির নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর তিনি দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি তিনি চিঠি দিয়ে স্বাস্থ্যসচিব ও মহাপরিচালককেও জানিয়েছেন। জনবলের অভাব: দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হামিদুল হক খন্দকার ৯ জানুয়ারি প্রথম আলোকে বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করতে যে জনবল দরকার, তা নেই। এ কারণে নতুন ভবনে যাওয়া যাচ্ছে না। প্রকল্প প্রস্তাবে জনবল কাঠামোতে সাড়ে ৫০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় ২২৪ জনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে কর্মরত মাত্র ৬১ জন। পরিচালকের কক্ষ সিলগালা: হাসপাতাল সূত্র জানায়, শফিকুর রহমান ৩ জানুয়ারি সকালে হাসপাতাল ভবনে এসে পরিচালকের কক্ষ সিলগালা করে এই কক্ষসহ ভবনের একাধিক স্থানে নোটিশ টানিয়ে দেন। ৯ জানুয়ারি শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, পরিচালক অবসরে গেছেন। কিন্তু পরিচালকের কার্যালয়ে অন্য চিকিৎসকদের তিনি বৈঠক করতে ও চা পান করতে দেখেছেন। ওই কক্ষে অনেক গুরুত্বপূর্ণ দলিলপত্র আছে। তার একটি হারালে ফাঁসবেন তিনি। তাই পরিচালকের কক্ষে তালা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পরিচালক সিভিল সার্জন: দিনাজপুরের সিভিল সার্জন মো. মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘শাহ্ মো. আব্দুল আহাদ অবসরে যাওয়ার পর পরবর্তী পরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত মহাপরিচালক আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন।’