দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ শ শয্যাবিশিষ্ট দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে চালুর দাবিতে হাসপাতালের ইন্টার্ন চিকিত্সক এবং কলেজের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। তাঁরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল হোসেন চৌধুরী জানান, ১৯ বছর আগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হলেও আজও পূর্ণতা পায়নি। দুই বছর আগে হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও তা চালু হয়নি। কলেজের পাঁচ শতাধিক ছাত্রছাত্রীকে ক্লাস করতে হচ্ছে জেনারেল হাসপাতালের নোংরা, দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশে। জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা যেমন অপ্রতুল, তেমনি নেই চিকিত্সকদের বসার জায়গা, আধুনিক যন্ত্রপাতি এবং চিকিত্সার সরঞ্জাম। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের শিশির কুমার ঘোষ ও খন্দকার আলী নূর, রাজীব কুমার মালাকার, ফারুক মো. মহসীন, জুনাইদ কবির, সাব্বির আহম্মেদ, নাশফিকুর রহমান, মশিউর রহমান, কায়সার আহম্মেদ, আকাশ প্রমুখ।